সংযুক্ত আরব আমিরাত সফরের জন্য সাবেক পাকিস্তানি মিডল-অর্ডার ব্যাটার ইউনিস খান এবং ডানহাতি পেসার উমর গুলকে ব্যাটিং-বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে আফগানিস্তান। শনিবার (২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
আশা করা যাচ্ছে, সাবেক পাকিস্তানি দুই ক্রিকেটার ইউনিস ও গুল আরব আমিরাতে চলমান আফগানদের অনুশীলন ও প্রস্তুতিমূলক ক্যাম্পে যোগ দিতে পারেন। সেখানেই আসন্ন আন্তর্জাতিক অ্যাসাইনমেন্টের প্রস্তুতি নিচ্ছে আফগানিস্তান।
এসিবি’র সিইও নাসিব খান এক বিবৃতিতে বলেন, ‘আরব আমিরাত ক্যাম্প খেলোয়াড়দের পর্যাপ্ত প্রশিক্ষণ ও ভবিষ্যতের প্রতিযোগিতার জন্য পুরোপুরি প্রস্তুত হওয়ার দারুণ সুযোগ। ইউনিস খান ও উমর গুলের আন্তর্জাতিক ক্রিকেটে সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে এবং আমি নিশ্চিত যে তারা আমাদের ক্রিকেটারদের ব্যাটিং ও বোলিং বিভাগে যে উদ্বেগ রয়েছে তা কাটিয়ে উঠতে সহায়তা করবেন।’
আরব আমিরাতের উদ্দেশ্যে ৩১ মার্চ কাবুল ছাড়বে আফগানরা। ইউনিস ও গুলকে নিয়োগ দেওযার আগে প্রধান কোচ হিসেবে গ্রাহাম থর্পের নাম ঘোষণা করে এসিবি। আশা করা হচ্ছে, এপ্রিল শেষে দলের সঙ্গে যোগ দেবেন এই সাবেক ইংলিশ ব্যাটার।
