গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই কৃষকের আত্মহত্যা

নলকূপ অপারেটরের গ্রেপ্তার ও বিচার দাবি

আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১১:০৪ পিএম

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমঘুটু গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর চাচাতো ভাই দুই কৃষক অভিনাথ মার্ডি (৩০) ও রবি মাডির (৩২) আত্মহত্যায় প্ররোচনাকারী গভীর নলকূপের অপারেটর সাখাওয়াত হোসেনকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে গতকাল শনিবার রাজশাহী, রংপুর ও দিনাজপুরে মানববন্ধন করেছেন জাতীয় আদিবাসী পরিষদ ও জাতীয় কৃষক সমিতির নেতারা। ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

রাজশাহী : বেলা ১১টায় রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। জাতীয় কৃষক সমিতির রাজশাহী জেলার সহসভাপতি ফরজ আলী এতে সভাপতিত্ব করেন।

কৃষক সমিতির নেতা মনিরুদ্দীন পান্নার সঞ্চালনায় এতে বক্তব্য দেন জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম পিয়ারুল, জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা ও মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু, কৃষক সমিতির নেতা মতিউর রহমান তপন, জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) গণেশ মার্ডি, আদিবাসী পরিষদের নেতা বিমল চন্দ্র রাজোয়ার প্রমুখ।

মানববন্ধন থেকে বরেন্দ্র উন্নয়ন প্রকল্পের অন্তর্ভুক্ত পানি সেচের প্রকল্পের দায়িত্বে¡ থাকা সাখাওয়াত হোসেনের শাস্তি দাবি করে বক্তারা বলেন, গরিব আদিবাসী কৃষক জামিতে সেচের জন্য পানি চাইতে গেলে পানি না দিয়ে বিষ খেতে বলেন সাখাওয়াত হোসেন। এটি শুধু আত্মহত্যা নয়, কাঠামোগত হত্যা। কৃষকের এই ত্যাগ শুধু আত্মহত্যা নয়, এটি একটি লড়াই।

রংপুর : দুপুরে রংপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আশোক সরকার, জেলা কমিটির সভাপতি মনিলাল দাস, রংপুর সদর উপজেলা কমিটির সভাপতি আলাল সিং, সাধারণ সম্পাদক বিমল খালকো, সাংগঠনিক সম্পাদক তুলিপ এক্কা প্রমুখ। এ সময় একাত্মতা প্রকাশ করেন ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি নজরুল ইসলাম হক্কানী, জাতীয় প্রতিবন্ধী ফোরামের কেন্দ্রীয় নির্বাহী সদস্য সুশান্ত ভৌমিক প্রমুখ।

দিনাজপুর : দিনাজপুর প্রেস ক্লাবের সামনের সড়কে বেলা সাড়ে ১১টায় মানববন্ধনে সংহতি প্রকাশ করে যুক্ত হন জাতীয় কৃষক সমিতি ও কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (সিডিএ) নেতারা। জাতীয় আদিবাসী পরিষদ দিনাজপুর জেলা কমিটির সভাপতি শীতল মার্ডির সভাপতিত্বে এতে বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মাহমুদুল হাসান মানিক, সহসাধারণ সম্পাদক হবিবর রহমান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি জেলা শাখার সভাপতি সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু, সদস্য রবিউল আওয়াল খোকা, আদিবাসী ছাত্র পরিষদ দিনাজপুর জেলা কমিটির সভাপতি সোহেল পিতর মুর্মু, কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (সিডিএ) ব্যবস্থাপক সোহেল রানা প্রমুখ।

গত ২৩ মার্চ বিষপানে আত্মহত্যা করেন ওই দুই কৃষক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত