কপালে টিপ পরায় এক শিক্ষিকাকে গালিগালাজ দেওয়ার পর তার গায়ে মোটরসাইকেলের চাকা তুলে হেনস্তার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। শনিবার এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নারী হলেন রাজধানীর তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দার। এ বিষয়ে তিনি শনিবার শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
শেরে বাংলা নগর থানার ওসি উৎপল বড়ুয়া জানান, সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ওই ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, ‘লতা সমাদ্দার ওই ব্যক্তির নাম-পদবী বলতে না পারলেও মোটরসাইকেলের একটি নম্বর দিয়েছেন। এ নম্বর সঠিক কি না, কার নম্বর তাও আমরা তদন্ত করছি।’
জিডিতে লতা সমাদ্দার উল্লেখ করেন, শনিবার সকাল সোয়া ৮টার দিকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার বাসা থেকে রিকশায় ফার্মগেটের আনন্দ সিনেমার সামনে নামেন। সেখান থেকে হেঁটে তেজগাঁও কলেজে কর্মস্থলে যাচ্ছিলেন।
তখন সেজান পয়েন্টের সামনে থেমে থাকা একটি মোটরসাইকেলের উপর পুলিশের পোশাক পরা এক ব্যক্তি বসে ছিলেন। ওই মোটরসাইকেলের পাশ দিয়ে যাওয়ার সময়ে ওই ব্যক্তি লতার কপালে টিপ পরা নিয়ে বাজে মন্তব্য করেন।
একপর্যায়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন পুলিশের পোশাক পরা ওই ব্যক্তি। পেছনে ফিরে ঘটনার প্রতিবাদ করায় ফের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। তাকে উদ্দেশ্য করে ‘টিপ পরছোস কেন’ মন্তব্য করেন ওই ব্যক্তি।
লতার অভিযোগ, তিনি প্রতিবাদ করায় পুলিশের ওই সদস্য মোটরসাইকেল চালিয়ে তার গায়ের উপর উঠিয়ে দেওয়ার চেষ্টা করেন। সরে গিয়ে রক্ষা পেলেও আহত হন তিনি। তিনি পাশেই দায়িত্বরত ট্রাফিক পুলিশকে ঘটনার বিস্তারিত জানান।
