ওয়ানডে সেঞ্চুরিতে ইউসুফকে টপকে গেলেন বাবর

আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ০৩:৫০ পিএম

অধিনায়ক বাবর আজমের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৯ উইকেটে জিতেছে পাকিস্তান। সেই সঙ্গে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিল স্বাগতিকেরা।

দুই যুগ পরে পাকিস্তান সফরে গিয়ে টেস্ট সিরিজ জিতলেও ওয়ানডে সিরিজে হারল অজিরা। অন্যদিকে ২০ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতল পাকিস্তান।

এই সিরিজে ‘ব্যাক টু ব্যাক’ সেঞ্চুরি পেয়েছেন বাবর। তৃতীয় ওয়ানডেতে অপরাজিত ১০৫ রানের ইনিংসে ম্যাচ সেরা হওয়ার পাশাপাশি সিরিজ সেরাও হয়েছেন তিনি। সেই সঙ্গে পাকিস্তানের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় মোহাম্মদ ইউসুফকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাবর।

দেশটির হয়ে সর্বোচ্চ ২০ ওয়ানডে সেঞ্চুরি নিয়ে শীর্ষে আছেন সাবেক ওপেনার সাঈদ আনোয়ার। ১৬ সেঞ্চুরি নিয়ে দুইয়ে জায়গা করে নিয়েছেন বাবর। ১৫ সেঞ্চুরি নিয়ে তিনে নেমে গেছেন ইউসুফ। চারে থাকা মোহাম্মদ হাফিজের সেঞ্চুরি ১১টি। ১০ সেঞ্চুরি নিয়ে পাঁচে আছেন ইজাজ আহমেদ ও ইনজামাম-উল-হক।

লাহোরে অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৫৭ রান করেন বাবর। পরের দুই ম্যাচে করেন ১১৪ ও ১০৫*। সিরিজের প্রথম ওয়ানডে হারলেও ঘুরে দাঁড়িয়ে পরের দুই ম্যাচ জিতে নেয় পাকিস্তান।

শনিবার তৃতীয় ওয়ানডেতে ৪১.৫ ওভারে ২১০ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ৩৭.৫ ওভারে ১ উইকেটে ২১৪ রান করে জয় তুলে নেয় পাকিস্তান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত