ঢাকার দোহার উপজেলায় প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী কিশোরী এ বিষয়ে দোহার থানায় তিনজনকে আসামি করে আজ রবিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।
পরে পুলিশ মামলার প্রধান আসামি বাবুল মাঝিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে।
কিশোরীর অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ ওই কিশোরীর (১৫) সঙ্গে উপজেলার রামনাথপুরের বাবুল মাঝির (২৪) প্রেমের সম্পর্ক ছিল। গত ৩০ মার্চ রাত আনুমানিক ৯টার দিকে কিশোরীকে ফোন করে উপজেলার চান্দার বিল ব্রিজের ওপরে দেখা করতে বলেন বাবুল মাঝি। কিশোরী রিকশাযোগে রাতে ব্রিজে পৌঁছালে বাবুল মাঝি ভাড়া দিয়ে রিকশাচালককে বিদায় করেন।
আরও জানা গেছে, এ সময় বাবুল মাঝির বন্ধু একই এলাকার শামীম চোকদার (২৩) ও ছোট রামনাথপুর এলাকার আবু কালাম (২২) আসেন। বাবুল মাঝি তার দুই বন্ধুকে কিশোরীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। একপর্যায়ে তারা কিশোরীকে জোরপূর্বক আবাদি জমিতে নিয়ে ধর্ষণ করেন।
পরে কিশোরী অসুস্থ হয়ে পড়লে বাড়িতে পৌঁছে দেয় তারা। পরদিন সকালে কিশোরী তার মাকে ঘটনা বললে মায়ের পরামর্শে দোহার থানায় অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে দোহার থানা-পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আজাহারুল ইসলাম জানান, ওই কিশোরীর অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেয়া হয়েছে। আসামি তিনজনের মধ্যে বাবুল মাঝিকে (২৪) গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
