রমনার বটমূলে হবে বর্ষবরণ, অনুমতি পাচ্ছে ছায়ানট

আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ১১:১১ পিএম

রমনার বটমূলে বাংলা বর্ষবরণের অনুষ্ঠান করার জন্য বরাদ্দ চেয়ে গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে ছায়ানট। এরই প্রেক্ষিতে ছায়ানটকে বরাদ্দ দেওয়ার ব্যাপারে সরকারের পক্ষ থেকেও সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

বাঙালির অস্তিত্ব নিয়ে পাকিস্তানের চোখ রাঙানির মধ্যে ১৯৬৭ সাল থেকে রমনার বটমূলে বর্ষবরণের আয়োজন শুরু করে ছায়ানট। এরপর কেবল ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়েই তাতে ছেদ পড়েছে। আর সম্প্রতি করোনাকালে স্বাস্থ্যঝুঁকি এড়াতে এবং রাষ্ট্রীয়-বিধান মান্য করে ছায়ানট বিগত দু'বছর বর্ষবরণের অনুষ্ঠান স্বল্প পরিসরে অনলাইনে আয়োজন করেছে।

এবার বর্ষবরণের আয়োজনটি রমনার বটমূলে করার জন্য সরকারের সহযোগিতা চেয়ে আবেদন করা হয়েছে বলে জানান ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমেদ লিসা। তিনি বলেন, এ বছর ছায়ানটের বর্ষবরণের প্রতিপাদ্য ‘নব আনন্দে জাগো’।

ছায়ানট সভাপতি সনজীদা খাতুন বলেন, রমজান মাসে সকল নিয়ম ও ধর্মীয় রীতি মেনে পহেলা বৈশাখ পালন করা হবে। এর আগেও রমজানে পহেলা বৈশাখ উদ্যাপন করা হয়েছে। সংস্কৃতি ও ধর্মের মধ্যে কোন বিরোধ নেই।

ছায়ানটের আবেদনের বিষয়ে জানতে চাইলে গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ঢাকা সার্কেল ১) মোহাম্মদ জামিলুর রহমান রবিবার দেশ রূপান্তরকে বলেন, ‘রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানের জন্য ছায়ানটকে অনুমতি দেওয়ার সিদ্ধান্ত হয়ে আছে। এখন দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। দু-একদিনের মধ্যেই অনুমতির চিঠি ছায়ানটকে পৌঁছে দেওয়া।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত