সিরাজগঞ্জ শহরের কাজিপুর মোড় এলাকায় নাশকতার পরিকল্পনার সন্দেহে জামায়াত ও শিবিরের ১৫ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।
রবিবার রাতে ডিপি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। এ ছাড়া আটকদের কাছ থেকে বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।
সিরাজগঞ্জ ডিবি পুলিশের এসআই খোকন চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, নাশকতার উদ্দেশ্যে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা গোপনে সভা করার সংবাদের ভিত্তিতে রাতে জামায়াত-শিবির নিয়ন্ত্রিত একটি মেসে অভিযান চালানো হয়। এ সময় ১০টি ককটেল, ৫টি মোটরসাইকেল ও ১০টি মোবাইল জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন- জামায়াতে ইসলামির জেলা আমীর শাহিনুর আলম (৫০), জেলা ছাত্র শিবিরের সভাপতি তরিকুল ইসলাম (২৪), সাধারণ সম্পাদক আলহাজ উদ্দিন (২৪), জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ইমরান হোসেন (২৫), অফিস সম্পাদক আজিজুর হক( ২২), ছাত্র শিবির নেতা রেজুয়ানুল্লাহ সোয়াইব (১৯), মনিরুল ইসলাম (২৫), আলামিন হোসেন (২২), শরিফুল ইসলাম (২৪), আইয়ুব আলী (২২), আবু বক্কর খান (২৩), মনিরুল ইসলাম সরকার (২০), জাকারিয়া (২৩), রবিউল ইসলাম (২১)।
তিনি আরও জানান, আটকদের ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ শেষে সোমবার দুপুরে তাদের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
