লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নে টিসিবির পণ্য কম দেওয়া ও কার্ড বিতরণে টাকা নেয়ার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে এসব অভিযোগে পণ্য বিতরণের সময় বিশৃঙ্খলা দেখা দিলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে যান এবং অভিযোগ শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
অভিযোগে জানা গেছে, দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতিতে নিম্ন আয়ের ক্রেতাদের চাহিদা মেটাতে সরকার বাজার দরের চেয়ে অপেক্ষাকৃত কম মূল্যে নিত্যপণ্য বিক্রি করে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে। তবে লক্ষ্মীপুরে টাকা ছাড়া মিলছে না টিসিবি কার্ড। প্রত্যেক ব্যক্তির কাছ থেকে কার্ড তৈরিতে ২০০ করে টাকা নিয়েছেন জনপ্রতিনিধিরা।
জানা যায়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তালিকা তৈরি করে কার্ডের মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তির কাছে টিসিবির পণ্য বিক্রি করার নিয়ম। এ লক্ষ্যে জেলার অন্যান্য ইউনিয়নের মতো
লক্ষ্মীপুর লাহারকান্দি ইউপিতে ১৪ হাজার ৬৫ জনের তালিকা করা হয়। সোমবার টিসিবির পণ্য নিতে দীর্ঘ লাইনে তাদের অনেকে দাঁড়িয়ে ছিলেন। পরে ওজনে কম, তালিকার সব পণ্য না দেওয়াসহ কার্ড তৈরিতে টাকা নেয়ার নানা অভিযোগে জনপ্রতিনিধির বিরুদ্ধে নানা স্লোগান দিতে শোনা যায় তাদের।
সুবিধাভোগীদের অভিযোগ, টিসিবি পণ্য দেয়ার আগে কার্ড তৈরিতে ২০০ শত টাকা নিয়েছেন ১, ২, ৩ নম্বর ওয়ার্ডের মহিলা মেম্বার সেতারা বেগম ও ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডের রেহানা বেগম।
তবে তারা এ অভিযোগ অস্বীকার করেন।
সদর উপজেলা লাহারকান্দি ইউপি সচিব মনোয়ার হোসেন জানান, লাহারকান্দি ইউনিয়নে টিসিবি পণ্যের কার্ড বিতরণে টাকা নেয়ার অভিযোগ তিনি মৌখিকভাবে শুনেছেন। এ ছাড়া টিসিবি পণ্য কম দেওয়ায় সুবিধাভোগীরা বিশৃঙ্খলা করেন।
সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় জানান, সোমবার দুপুরে পণ্য বিতরণের সময় বিশৃঙ্খলা দেখা দিলে তিনি লাহারকান্দি ইউপির ঘটনাস্থলে যান এবং জনপ্রতিনিধিরা যে সুবিধাভোগীদের কাছ থেকে অর্থ আদায় করেছেন সেই অভিযোগ শোনেন। এ ছাড়া টিসিবির পণ্য ওজনে কম দেওয়ার বিষয়টিও শোনেন।
তিনি বলেন, ইউপি সচিবকে বিষয়টি লিখিতভাবে জানানোর জন্য বলা হয়েছে। তদন্তপূর্বক এ সব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
