চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৬

আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১১:৫৬ পিএম

মোংলার বকুলতলা এলাকায় একটি চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৬ জন।

মঙ্গলবার সন্ধ্যায় বকুলতলা এলাকার ইউপি মেম্বর আব্দুল্লাহ শেখ গংয়ের হামলা, মারপিট ও ধারালো অস্ত্রের আঘাতে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোতাহার সরদার (৪২)। আহতরা হলেন- শুকুর আলী শেখ, আলাউদ্দিন শেখ, রিয়াজুল শেখ, অহিদুল শেখ, তৌহিদুল শেখ ও তানজু শেখ।

পুলিশ, এলাকাবাসী, হামলার শিকার ও নিহতের পরিবার জানায়, উপজেলার সোনাইলতলা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের একটি চিংড়ি ঘের নিয়ে বিরোধ চলে আসছিল স্থানীয় ইউপি মেম্বর আব্দুল্লাহ শেখ গংয়ের সাথে হতাহতদের। এর আগেও কয়েকবার মেম্বর আব্দুল্লাহ গংদের হামলার শিকার হন তারা।

মঙ্গলবার সন্ধ্যায় বিরোধপূর্ণ ওই ঘেরটি দখল নিতে এসে আব্দুল্লাহ গং ওই ঘেরে থাকা মোতাহার সরদারসহ তার লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারী মেম্বর আব্দুল্লাহ শেখ, দিদার শেখ, সরোয়ার শেখ আব্দুল্লাহ হাওলাদার, অহিদ হাওলাদার ও হালিম হাওলাদারসহ প্রায় অর্ধশত লোক লাঠিসোঁটা, রড, রামদা ও ছুরি দিয়ে কুপিয়ে মোতাহার সরদার, শুকুর আলী শেখ, আলাউদ্দিন শেখ, রিয়াজুল শেখ, অহিদুল শেখ, তৌহিদুল শেখ ও তানজু শেখকে গুরুতর রক্তাক্ত জখম করেন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খুলনা মেডিকেলে নেয়ার পর সেখানে রাত ১০টার দিকে মৃত্যু হয় মোতাহার সরদারের। এছাড়া অন্য আহতরা খুলনা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মূল হামলাকারী মেম্বর আব্দুল্লাহ তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আর নিহত মোতাহার সরদারও স্থানীয় যুবলীগ নেতা বলে জানিয়েছেন তার পরিবার।

মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আসিফ ইকবাল বলেন, বিবদমান একটি চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে এ হতাহতের ঘটনা ঘটেছে। আব্দুল্লাহ মেম্বর গংদের হামলায় মোতাহার সরদার নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের অভিযান চলছে, আমরা ইতিমধ্যে কয়েকজনকে আটকও করেছি। আটকদের বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কাজও চলছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত