সাভারে থানার কনফারেন্স কক্ষে নয় বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে শেখ রুস্তম আলী (৫৫) নামের থানার ঝাড়ুদারকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
বুধবার দুপুরে বলাৎকারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান।
তিনি জানান, এর আগে গত ২৯ মার্চ বিকেলে সাভার মডেল থানার কনফারেন্স রুমে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়ের করেছে শিশুর পরিবার।
অভিযুক্ত শেখ রুস্তম আলী রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার আরকান্দি গ্রামে বাসিন্দ্। তিনি দীর্ঘ ১৫ বছর সাভার থানার ঝাড়ুদার হিসেবে কাজ করতেন।
শিশুর পরিবার জানায়, গত ২৯ মার্চ বিকেলে থানার পাশে ঘোরাঘুরি করছিল ভুক্তভোগী শিশু। এসময় তাকে চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে সাভার মডেল থানার কনফারেন্স রুমে নিয়ে বলাৎকার করে ঝাড়ুদার রুস্তম আলী। পরে ওই শিশু বাসায় গিয়ে বলাৎকারের ঘটনা খুলে বললে মা সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তকে গ্রেপ্তার করে পরদিন আদালতে পাঠায় পুলিশ। শুনানী শেষে আদালত তাকে জেলহাজতে পাঠায়।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান বলেন, আসামিকে একদিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে আবার আদালতে পাঠানো হয়েছে। আদালত শুনানি শেষে তাকে জেলহাজতে প্রেরণ করে।
