উপ-স্বাস্থ্যকেন্দ্র বন্ধ ৬ মাস স্বাস্থ্য কর্মকর্তা জানেন না

আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১০:৫৭ পিএম

কুমিল্লার দাউদকান্দি উপজেলার স্বপাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র দায়িত্বরত কর্মকর্তার অবহেলায় এখন বস্তার গুদামে পরিণত হয়েছে। চারদিকে ময়লা আবর্জনার স্তূপ সৃষ্টি হয়েছে। প্রতিদিন সেখানে সরকারি ওষুধ বিতরণের মাধ্যমে জনসাধারণের মধ্যে সেবা দেওয়ার কথা থাকলেও নিয়মিত বসেন না দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক।

গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, উপজেলার মারুকা ইউনিয়নের স্বপাড়া উপ-স্বাস্থ্যকেন্দ্রের মূল দরজায় তালাবদ্ধ অবস্থায় থাকলেও পূর্ব পাশের বারান্দায় বস্তা রেখে গোডাউনে পরিণত করেছেন স্থানীয় এক ব্যবসায়ী।

ব্যবসায়ী সিপন মিয়া বলেন, এখানে কোনো ডাক্তার আসে না, খালি পড়ে আছে, তাই আমি দরজা লাগিয়ে আমার কিছু মালামাল রাখছি।

স্থানীয় বাসিন্দা সুমন মিয়া ও মফিজুল ইসলাম বলেন, একসময় দশ গ্রামের মানুষ এখান থেকে চিকিৎসাসেবা পেতেন। করোনা মহামারী শুরুর পর থেকে এখানে কোনো ডাক্তার-নার্স কেউই আসেন না। ডাক্তারের দাবিতে এলাকার লোকজন মানববন্ধনও করেছেন। ওই সময় ওপরের লোকজন এসে দেখে গেছেন। কিন্তু কোনো কাজ হয়নি। ছয় মাস হলো এটি তালাবদ্ধ।   

দায়িত্বরত মেডিকেল অফিসার কাজি কায়েদা খানম বলেন, আমি নতুন, কয়েকদিন হলো স্বপাড়া উপ-স্বাস্থ্যকেন্দ্রে পোস্টিং হয়েছে। জরাজীর্ণ ভবনে বসার পরিবেশ না থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে বসি। সেখানকার জরাজীর্ণ ভবন এবং পরিবেশগত অবস্থার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান বলেন, স্বপাড়া উপ-স্বাস্থ্যকেন্দ্রটি ছয় মাস বন্ধ! কেউ তো আমাকে জানায়নি। সেখানে ফার্মাসিস্টের পদটি শূন্য এবং একজন স্যাকমো থাকলেও প্রেষণে তিনি মালিগাঁও ডিউটি করছেন। কমিউনিটি ক্লিনিকের একজনকে দিয়ে সপ্তাহে একদিন ওষুধ বিতরণ করা হতো। ছয় মাস পর এসে আপনি (সাংবাদিক) আমাকে জানাচ্ছেন যে উপ-স্বাস্থ্যকেন্দ্রটি বন্ধ রয়েছে। আমরা খবর নিচ্ছি। পুরো বিষয়টি খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে দেশ রূপান্তরকে জানান কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মোবারক হোসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত