মানিকগঞ্জের সিংগাইরে পূর্বশত্রুতার জের ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষকে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেল দুই যুবক। গত মঙ্গলবার বিকেলে ওই দুই যুবককে গ্রেপ্তারের পর গতকাল মামলা দায়ের করেছে র্যাব। গ্রেপ্তাররা হলেন উপজেলার চান্দহর ইউনিয়নের সোনাটেংরা গ্রামের শুকুর মোল্লার ছেলে ফয়সাল (২৮) ও মৃত মনুর উদ্দিনের ছেলে আমির উদ্দিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার র্যাব-৪ এর একটি টিম উপজেলার চান্দহর ইউনিয়নের বাঘুলি সোনাটেংরা চক থেকে একটি রিভলবার, একটি পিস্তল ও দুটি কার্তুজ উদ্ধার করে। এসময় ফয়সাল ও আমির ঘটনাস্থলে র্যাবকে অস্ত্র সম্পর্কে তথ্য দেয়। তাদের তথ্যানুযায়ী র্যাব একই এলাকার শামসুল হক সিকদারের পুত্র আনোয়ার সিকদারকে আটক করে। কিন্তু পরে আনোয়ারের দেওয়া তথ্য ও ঘটনার পারিপার্শ্বিকতায় র্যাব জানতে পারে, পূর্বশত্রুতার জের ও আধিপত্য বিস্তাকে কেন্দ্র করেই অস্ত্র দিয়ে আনোয়ারকে ফাঁসানোর চেষ্টা করেছে ফয়সাল ও আমির। পরে মঙ্গলবার বিকেলে ফয়সাল ও আমিরকে গ্রেপ্তার করা হয়। এসময় আরও দুই পরিকল্পনাকারী আহাদ ও সিদ্দিক পালিয়ে যায়।
সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা বলেন, ‘র্যাবের হাতে আটক দুজনসহ ৪ জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। বাকি দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
