জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের ঋতুবৈচিত্র্য পাল্টে যাচ্ছে। অসময়ে বৃষ্টি হচ্ছে। আবার সময়ে বৃষ্টির দেখা পাওয়া ভার। শীতও তার প্রচলিত সময়ের নিয়ম মানছে না। তার প্রভাব পড়ছে খাদ্য, স্বাস্থ্য, পানিসহ মানুষের মৌলিক চাহিদাগুলোতে। মানবসভ্যতার অন্যতম সংকট হিসেবে আবির্ভূত হয়েছে জলবায়ু সংকট। জলবায়ু পরিবর্তনের ফলে সারা বিশ্বে বিশেষত বাংলাদেশের এক বিরাট জনগোষ্ঠী জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির মধ্যে রয়েছে। তবে জলবায়ু পরিবর্তনের কারণে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। জলবায়ুর সঙ্গে স্বাস্থের নিবিড় সম্পর্ক রয়েছে। এমন অবস্থায় আজ বিশ্বের অন্যান্য দেশের মতো বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য- Our Planet, Our Health অথবা ‘আমার গ্রহ, আমার স্বাস্থ্য’। কিন্তু বৈশ্বিক পরিম-লে জলবায়ু পরিবর্তন নিত্যনতুন স্বাস্থ্য সমস্যা তৈরি করছে। এ কারণে বাংলায় এর ভাবানুবাদ করা হয়েছে ‘সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য’। এই প্রতিপাদ্যে দিবসটি সারা দেশে উদযাপন করা হবে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বিশেষ বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার বাণীতে বলেছেন, স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে। স্বাস্থ্যসেবা মানুষের অন্যতম মৌলিক চাহিদা। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার ব্যাপক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে। স্বাস্থ্য খাতের সব শাখায় পর্যাপ্ত বিনিয়োগের ফলে সামগ্রিভাবে দেশের স্বাস্থ্যসূচকে বিস্ময়কর উন্নতি হয়েছে।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য বিষয়ক কাজের সঙ্গে সম্পৃক্ত বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো নানা ধরনের কর্মসূচি পালন করবে।
