পূরণ হচ্ছে চার দশকের স্বপ্ন জয়দেবপুরে হচ্ছে ফ্লাইওভার

আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ০৬:০৪ এএম

গাজীপুরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল শহরের জয়দেবপুর রেলগেটের ওপর একটি ফ্লাইওভার নির্মাণের। স্বাধীনতার পর থেকে এ নিয়ে বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে খবরও প্রচারিত হয়েছে। অনেক জনপ্রতিনিধি আশ্বাস দিয়েছেন। কিন্তু নানা কারণে তা বাস্তবায়ন হয়নি। তবে গাজীপুরবাসীর প্রায় চার দশকের স্বপ্নটি এবার পূরণ হতে চলেছে। জয়দেবপুর রেলগেটে ফ্লাইওভার নির্মাণে একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। গত মঙ্গলবার ঢাকায় একনেক সভায় ‘আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স (ইউডিসিজি)’ নামের প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এই প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৩৯৭ কোটি ৮১ লাখ টাকা। এর আওতায় জয়দেবপুর রেলক্রসিংয়ে ফ্লাইওভার নির্মাণ ও গাজীপুর মহানগরীর নাওজোড় কাশিমপুর-নবীনগর সংযোগ সড়কে তুরাগ নদের ওপর সেতু নির্মাণে প্রায় ৭০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতার জন্মশতবার্ষিকীতে জয়দেবপুর রেল জংশনে ফ্লাইওভার নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্প অনুমোদন ও অর্থ বরাদ্দ দিয়েছেন। এজন্য আমি ও আমাদের সিটি করপোরেশনের সব নাগরিক অত্যন্ত খুশি ও প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তিনি বলেন, আমরা আশা করি প্রধানমন্ত্রী নিজে এ প্রকল্পের কাজের ভিত্তি স্থাপন করতে সদয় সম্মতি প্রদান করবেন। উল্লেখ্য, জয়দেবপুর রেলক্রসিংয়ের ওপর একটি ফ্লাইওভার, ইসলামপুরের ভাঙাব্রিজ ও কাশিমপুরে তুরাগ নদের ওপর দুটি ব্রিজ নির্মাণের জন্য গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলমের উদ্যোগে ২০১৯ সালের ৮ ডিসেম্বর জাইকার একটি প্রতিনিধিদল সরেজমিন পরিদর্শন করে।

জাপানি দাতা সংস্থাটি এ প্রকল্পে অর্থ প্রদানের প্রতিশ্রুতি দিলে প্রকল্পটি গত জুনে একনেকের সভায় ওঠার কথা ছিল। কিন্তু করোনা মহামারীর কারণে একনেকের সভায় উঠতে বিলম্ব হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত