গজারি বন থেকে অজ্ঞান দুই কাপড় ব্যবসায়ী ও চালক উদ্ধার

আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ১১:১১ এএম

গাজীপুরের শ্রীপুরের গজারি বন থেকে অজ্ঞান অবস্থায় দুই কাপড় ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তরা পিকআপ ভর্তি কাপড় ছিনতাই করার পর দুই কাপড় ব্যবসায়ীকে চেতনানাশক দিয়ে অজ্ঞান করে মাওনা ইউনিয়নের বদনীভাঙ্গা গ্রামের ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের পাশে গজারি বনের ভেতরে ফেলে চলে যায় বলে জানা যায়।

বুধবার সকালে পথচারী সড়কের পাশে তিন ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। দুই ব্যবসায়ীর সাথে তাদের পিকআপ চালকও অজ্ঞান অবস্থায় ছিল বলে পুলিশ জানিয়েছে।

উদ্ধার হওয়া কাপড় ব্যবসায়ীরা হলেন- কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার পূর্ব কবাতিপাড়া গ্রামের মো. আলীর ছেলে আলমাস মিয়া (৫০) ও একই উপজেলার নামাপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে শাহ আলম মিয়া (৪৫)। উদ্ধার হওয়া পিকআপ চালক জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার  উত্তর সুকিরচর গ্রামের নজরুল ইসলাম।

উদ্ধারকৃতদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, অজ্ঞান তিনজনের মধ্যে একজনের জ্ঞান ফিরেছে বলে জানিয়েছেন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক।

এদিকে, ছিনতাই হওয়া কাপড় বোঝাই পিকআপ ভালুকা থানা-পুলিশ ময়মনসিংহ মহাসড়ক থেকে আটক করেছে। কাপড় ভর্তি পিকআপটি পুলিশ হেফাজতে রয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আবু জাফর মোল্লা।

পুলিশ জানায়, রাজীপুর বাজারের দুই ব্যবসায়ী আলমাস ও শাহ আলম ঈদকে সামনে রেখে পাইকারি কাপড় কিনতে সিরাজগঞ্জের শাহজাদপুরে যায়। শাহজাদপুর থেকে পিকআপ ভর্তি কাপড় নিয়ে জামালপুর এলাকার জামগড়ে যেতেই একদল দুর্বৃত্ত তাদের গতি রোধ করে। পরে কোনো কিছু বুঝে ওঠার আগেই চালকসহ তাদের চোখে মলম দিয়ে অজ্ঞান করে ফেলে। এরপর আর কিছু তাদের জানা নেই বলে আহতরা জানিয়েছেন। পুলিশ খবর পেয়ে তাদের (কাপড় ব্যবসায়ী ও চালক) অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।  

উদ্ধার হওয়া আলমাসের স্বজন আল আমীন জানিয়েছেন, গত ৪ এপ্রিল তারা দুজন ঈদের জন্য পাইকারি কাপড় কিনতে সিরাজগঞ্জের শাহজাদপুরে যায়। ওখানে যাওয়ার পরেও নিয়মিত পরিবারের সাথে যোগাযোগ ছিল। এক সময় তাদের সাথে যোগাযোগ করা হলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে পুলিশের মাধ্যমে ঘটনা জানতে পারি। এখন তাদের অবস্থা কিছুটা ভালো।

মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আবু জাফর মোল্লা জানান, বুধবার সকালে ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের পাশে গজারি বনের অল্প ভেতরে অজ্ঞান অবস্থান তিনজন পড়ে আছে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের কাপড় ভর্তি পিকআপটি ছিনতাইয়ের কবলে পড়েছিল। ছিনতাইকারীরা চোখে মলম দিয়ে তাদের অজ্ঞান করে বনের ভেতরে ফেলে চলে যায়।

তিনি আরও জানান, ছিনতাই হওয়া পিকআপটি পাশের ভালুকা থানা-পুলিশ উদ্ধার করেছে। এখন তাদের হেফাজতেই রয়েছে কাপড় ভর্তি পিকআপটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত