যুক্তরাজ্যও পুতিনের মেয়েদের ওপর নিষধাজ্ঞা জারি করল

আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ০৬:১৭ পিএম

যুক্তরাষ্ট্রের পর এবার যুক্তরাজ্যও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মেয়েদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

শুক্রবার পুতিনের দুই মেয়ে মারিয়া ভোরোনৎসোভা এবং কাতেরিনা তিখোনোভার সম্পদ জব্দ এবং ভ্রমণ নিষিদ্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের বরিস জনসন সরকার।

এর আগে ইউক্রেনের বুচা শহরে রুশ বাহিনীর নৃশংসতার চিত্র সামনে আসার পর গত বুধবার যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে মারিয়া এবং কাতেরিনার ওপর।

পাশাপাশি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের মেয়ের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্যও একইভাবে ল্যাভরভের মেয়ের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করেছে।

বিবিসি জানায়, যুক্তরাজ্য সরকারের ফরেইন, কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) পুতিনের মেয়েদের পাশাপাশি ল্যাভরভের মেয়ের ভ্রমণ নিষিদ্ধ এবং সম্পদ জব্দের ঘোষণা দিয়েছে।

যুক্তরাজ্য সরকারের হিসাব মতে, সম্প্রতি কয়েক সপ্তাহে দেশটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পদক্ষেপের সঙ্গে সমন্বিতভাবে রুশ প্রেসিডেন্ট পুতিনের ২৭হাজার ৫শ কোটি পাউন্ডের সমর তহবিল জব্দ করেছে।

ইউক্রেনে পুতিনের যুদ্ধ চালানোর তহবিল আটকে যাওয়ায় রাশিয়া এখন সোভিয়েত ইউনিয়নের পতন পরবর্তী সবচেয়ে গভীর অর্থনৈতিক মন্দায় পড়তে চলেছে বলে দাবি করেছে যুক্তরাজ্য।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করার পর থেকেই দেশটি একের পর এক পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার কবলে পড়ছে। ইউক্রেনে রুশ বাহিনীর যুদ্ধ এবং নৃশংসতা যত বাড়ছে ততই রাশিয়ার ওপর আরও নতুন নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে।

আরও পড়ুন...

পুতিনের দুই মেয়ে সম্পর্কে যা জানা যায়

এবার পুতিনের দুই মেয়ের ওপর নিষেধাজ্ঞা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত