আহত শ্রমিকদের পুনর্বাসন ও দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতসহ ছয় দফা দাবিতে বিক্ষোভ করেছেন সাভারে ধসে পড়া রানা প্লাজার আহত শ্রমিকরা। গতকাল শুক্রবার দুপুরে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় আহত শ্রমিকদের সংগঠন ‘সাভার রানা প্লাজা সারভাইভার্স অ্যাসোসিয়েশন’ এক বিক্ষোভ কর্মসূচি পালন করে।
দাবিগুলো হচ্ছে রানা প্লাজায় আহত শ্রমিকদের এক জীবনের ক্ষতিপূরণ, শ্রমিকদের পুনর্বাসন, আজীবন চিকিৎসার ব্যবস্থ্যা, দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত, দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত ও ২৪ এপ্রিলকে শ্রমিক হত্যাকা- দিবস ঘোষণা করা।
কর্মসূচিতে অংশ নেওয়া আহত শ্রমিক নিলুফার ইয়াসমিন বলেন, রানা প্লাজার ৫ম তলায় কাজ করতেন তিনি। রানা প্লাজা ধসের ঘটনায় পা, কোমর, মেরুদ- এবং মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মানবেতর জীবন যাপন করছেন। অর্থাভাবে চিকিৎসা চালাতে পারছেন না।
নিলুফার আরও বলেন, ‘অমার অসুস্থতার কারণে ৫ বছর ধরে আমার স্বামী আমায় ছেড়ে চলে গেছে। পঙ্গু শরীর নিয়ে মানবেতর জীবন যাপন করছি। বাধ্য হয়ে অল্পবয়স্ক ছেলেকে কাজে পাঠিয়েছি। শুধু আমি না আমাদের মতো হাজারো আহত শ্রমিক মানবেতর জীবন যাপন করছেন।’
সাভার রানা প্লাজা সারভাইভার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ও রানা প্লাজায় আহত শ্রমিক মাহমুদুল হাসান হৃদয় বলেন, ‘২০১৩ সালে রানা প্লাজা ধসের ঘটনায় আমাদের ১ হাজার ১৩৬ জন সহকর্মী মারা যায় এবং আমরা হাজার হাজার শ্রমিক আহত হই। দীর্ঘদিন অতিবাহিত হলেও আমাদের দাবিগুলো পূরণ হয়নি।’
