বাংলাদেশকে ধর্মের মাপকাঠিতে ভিন্ন হতে দেখতে চাই না: বাপ্পী

আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ০১:৪২ পিএম

সাম্প্রতিক বেশ কিছু ইস্যু নিয়ে সরব সামাজিক যোগাযোগ মাধ্যম। এর মধ্যে রয়েছে, টিপকাণ্ড, বিজ্ঞান শিক্ষকের কারাবাস ও স্কুলে হিজাব বিতর্ক। এসব বিতর্ক নিয়েই এবার মুখ খুললেন জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পী চৌধুরী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেন, ‘ধর্মীয় কোনো ইস্যুতে আগ বাড়িয়ে নাক গলানো আমার কখনো ভালো লাগে না। তবে অশান্ত এই মনটাকে শান্ত করতে কিছু কথা না বলে পারছি না। ধর্ম ব্যক্তিগত ব্যাপার। জন্মসূত্রে পাওয়া নিজের ধর্মের প্রতি বিশ্বাস যেমন ব্যক্তিগত ব্যাপার, পৃথিবীর প্রতিটি মানুষের ধর্মও ঠিক তেমনি তার তার ব্যক্তিগত ব্যাপার।

বর্তমান সময়ে চলমান বেশ কয়েকটি ইস্যু বারবার আমার মনকে অশান্ত করে তুলছে। টিপকান্ড, বিজ্ঞান স্যারের কারাবাস, হিজাব পড়ায় শিক্ষিকা দ্বারা ছাত্রীদের নির্যাতন: এ সবের শেষ কোথায়? কিংবা শুরুটাই বা কীভাবে?

অন্যের ধর্মের প্রতি এতটাই ব্যক্তিগত আক্রোশ নিয়ে এরা বসবাস করছে কি করে? এমনও তো নয় যে এসব কোনো পড়ালেখা না জানা, শিক্ষার আলো থেকে দূরে থাকা কোনো কুসংস্কারাচ্ছন্ন অন্ধকার জগতের মানুষেরা করছে। আধুনিক এই যুগে, যখন সবাই নিজ কাজ করে সময় পায় না তখন তারা অন্যের ধর্ম নিয়ে ভাবার সময়ই বা পায় কখন?

ইসলাম মানেই শান্তি, সনাতন ধর্ম কখনো ঘৃণা শেখায়নি, বৌদ্ধ ধর্মে তো জীব হত্যাই মহাপাপ, আর যিশু নিজের জীবন বিলিয়ে দিয়েছেন শান্তি বাস্তবায়নে। তাহলে আমরা কেন শান্ত থাকতে পারছি না? আমরা কেন নিজের ধর্মের বার্তা শুনতে পাচ্ছি না? আমরা কেন এত আক্রোশ নিয়ে বসে আছি।

বাবা-মায়েদের কাছে অনুরোধ, সন্তানকে নিজেদের ধর্ম শেখানোর পাশাপাশি, অন্যের ধর্মের প্রতি সহনশীল হতে শেখান। ছোটবেলা থেকেই যদি ভালোবাসার বার্তা পৌঁছে দেন তবে ভবিষ্যৎ হবে সুন্দর। বাংলাদেশকে ধর্মের মাপকাঠিতে ভিন্ন হতে দেখতে চাই না। বাংলাদেশ তো ভালোবাসার দেশ। মানুষগুলোর মন হোক ভালোবাসায় পরিপূর্ণ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত