কক্সবাজারে দূরপাল্লা বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাযাত্রী মোহাম্মদ সোয়াত (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
রবিবার সকাল ১০টার দিকে কক্সবাজার সদর উপজেলা বাংলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
নিহত কলেজছাত্র কক্সবাজার সিটি কলেজের এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান।
স্থানীয়দের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান জানান, রবিবার সকালে কক্সবাজার যাত্রীবাহী বাস ওই সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সোয়াদ হোসেন মারা যায়। এ সময় বেশ কয়েকজন গুরুতর আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
