ঠাকুরগাঁওয়ে এক মাদক ব্যবসায়ী বিরুদ্ধে ব্যতিক্রমী সাজা দিয়েছে আদালত। মাদক মামলায় দোষী সাব্যস্ত আব্দুল্লাহকে (৫২) এক মাসের জন্য প্রতিদিন এক ঘণ্টা করে আদালত চত্বরে মাদক সচেতনতা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকার শাস্তি দেওয়া হয়েছে।
গত বুধবার রায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ গাজী দেলোয়ার হোসেন এ রায় প্রদান করে।
রবিবার থেকে এ রায় কার্যকর হলে শাস্তি প্রাপ্ত আব্দুল্লাহ দুপুরে জজকোর্ট চত্বরে এক ঘণ্টা মাদক বিরোধী ফেস্টুন হাতে নিয়ে দাঁড়িয়ে ছিলেন। তার প্ল্যাকার্ডে লেখা ছিল ‘মাদক ব্যবসার জন্য আমি দুঃখিত, লজ্জিত, অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী, মাদক দেশ ও দেশের শত্রু মাদক পরিহার করুন।’
সাজাপ্রাপ্ত আব্দুল্লাহ জেলার রানীশংকৈল উপজেলায় রাউতনগর গ্রামের মনতাজ আলীর ছেলে। আব্দুল্লাহর বিরুদ্ধে ২০১৫ সালে একটি এবং ২০১৬ সালে দুটি মাদক মামলা হয়।
আদালত সূত্র জানায়, ২০১৫ সালের একটি মামলা বিচারাধীন মামলায় গত বুধবার আব্দুল্লাহ’র বিরুদ্ধে আদালত এক বছরের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন।
পরক্ষণেই আসামিপক্ষের আইনজীবী এ্যাড. জাকির হোসেন আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আব্দুল্লাহ একজন গরিব কৃষক ও তার ২ মেয়ে পবিত্র কোরআনের হাফেজ। তাকে যেন এ শাস্তি না দেওয়া হয়। পরে আদালত বিবেচনা করে আব্দুল্লাহকে প্রতিদিন এক ঘণ্টা করে এক মাস অবধি আদালত চত্বরে ফেস্টুন হাতে দাঁড়িয়ে থাকার শাস্তি দেন।
আসামি পক্ষের আইনজীবী অ্যাড. জাকির হোসেন জানান, সামগ্রিক বিবেচনায় বিজ্ঞ বিচারক এই রায় দিয়েছেন।
