নিজের শিশুসন্তানের বয়স বাড়িয়ে ভর্তি করিয়ে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হতে না পেরে শিক্ষিকাকে গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম মোল্লার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার জামালপুর বাগমারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম বেগম প্রতিকার চেয়ে গতকাল রবিবার বিকেলে ইউএনও ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত আওয়ামী লীগ নেতা তার শিশু বাচ্চার বয়স বাড়িয়ে জালিয়াতি করে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হওয়ার পাঁয়তারা করে আসছিলেন। পরে সভাপতি হতে না পেরে ক্ষুব্ধ হয়ে গতকাল স্কুলকক্ষে ঢুকে সহকারী শিক্ষক সালেহা খাতুনকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। গালিগালাজ করতে নিষেধ করায় এক পর্যায়ে ওই নেতা ক্ষিপ্ত হয়ে শিক্ষিকাকে মারতে উদ্যত হন। এ বিষয়ে সাইফুল ইসলাম মোল্লা বলেন, ‘আমি কাউকে গালিগালাজ বা হুমকি দিইনি। স্কুলের কোনো কাজে বাধা প্রদান করার বিষয়টাও সত্য নয়। একটু ভুল বোঝাবুঝি হয়েছিল।’
