সুনামগঞ্জে বাঁধ ভেঙে ফসল ডুবির ঘটনায় তদন্ত কমিটি

আপডেট : ১১ এপ্রিল ২০২২, ০৮:৪৯ এএম

সুনামগঞ্জের হাওরে বাঁধ ভেঙে ফসল ডুবির ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

রবিবার রাতে হাওরের বাঁধ নির্মাণ ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন সুনামগঞ্জ স্থানীয় সরকারের উপপরিচালক মো. জাকির হোসেনকে প্রধান করে এই কমিটি করে দেন। কমিটিকে আগামী ২৫ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. সুমন মিয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম, প্রাণীসম্পদ কর্মকর্তা আসাদুজ্জামান, স্থানীয় সরকার অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলম।

কমিটিকে বাঁধ নির্মাণে ত্রুটি, অব্যবস্থাপনা, গাফিলতি এবং তদারকিতে কোনো গাফিলতি ছিল কিনা খতিয়ে দেখতে বলা হয়েছে।

জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন জানান, হাওরের বাঁধ ভেঙে ফসল তলিয়ে যাওয়ায় ঘটনায় এবং বাঁধ নির্মাণে কোনো ত্রুটি কিংবা গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখতে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী ২৫ এপ্রিলের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ২ এপ্রিল থেকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে এ পর্যন্ত ১২টি বাঁধ ভেঙে তলিয়ে গেছে ১৫ হাজার হেক্টর বোরো ফসল। জেলার বেশির ভাগ বাঁধে দেখা দেয় ফাটল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত