রূপগঞ্জে রাখালকে হত্যায় খামার মালিকের বিরুদ্ধে মামলা

আপডেট : ১১ এপ্রিল ২০২২, ০২:৫৩ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন (৪০) নামে এক রাখালকে গলা কেটে হত্যার ঘটনায় খামার মালিকসহ তিনজনকে আসামি করে মামলা হয়েছে।

সোমবার সকালে নিহত কাঞ্চনের ছোট ভাই সেকান্দার বাদী হয়ে খামার মালিক শফিকুল ইসলাম আপেলসহ তিনকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এর আগে, পুলিশ রবিবার সকালে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকা থেকে কাঞ্চনের গলা কাটা লাশ উদ্ধার করে।

মামলার এজাহারে উল্লেখ্য করা হয়, বড় ভাই কাঞ্চন বরপা এলাকায় শফিকুল ইসলাম আপেলের গরুর খামারে কাজ করে আসছিলেন। রবিবার সকালে ছোট ভাই সেকান্দার ও তার পরিবারের সদস্যরা জানতে পারেন কে বা কারা যেন কাঞ্চনকে গলা ও পেট কেটে হত্যা করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।

পরে পরিবারের সদস্যরা খোঁজখবর নিয়ে জানতে পারেন খামারের মালিক শফিকুল ইসলাম আপেল, আশফাক, ইসতিয়াকসহ অজ্ঞাত ৭/৮ জন মিলে গরুর খামারের পাশে রাখাল কাঞ্চনকে গলা কেটে ও পেটের নাড়িভুঁড়ি বের করে নৃশংসভাবে হত্যা করেন। কাঞ্চনের পরিবারের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত কাউকেই দেখতে পাননি।

রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, এ ঘটনায় নিহত কাঞ্চনের ছোট ভাই  মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত