রমিজ রাজার পদত্যাগের পর পাকিস্তান দলে ফিরতে পারেন আমির

আপডেট : ১১ এপ্রিল ২০২২, ০৫:৫৯ পিএম

অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ আমির। রবিবার এমনটাই জানিয়েছে দেশটির কয়েকটি গণমাধ্যম।

সম্প্রতি জাতীয় পরিষদে অনাস্থা ভোটে হেরে পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব হারিয়েছেন ইমরান খান। এরপরই গুঞ্জন উঠে, দীর্ঘদিনের বন্ধুর পতনের পর দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা।

তার এই সিদ্ধান্তের ওপর নির্ভর করছে পাকিস্তান দলে আমিরের ফেরা। এমনটাই জানিয়েছে দেশটির গণমাধ্যম সামা।

২০২০ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ২৯ বছর বয়সী পেসার। দলে মানসিক নির্যাতনের শিকার হওয়াকে অবসরের কারণ বলে উল্লেখ করেন তিনি। পাকিস্তানের হয়ে ৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে ও ৫০টি টি-টোয়েন্টি খেলেছেন আমির।

অবসরের প্রসঙ্গে সে সময় এই পেসার জানান, ‘আমি ক্রিকেট ছাড়ছি কারণ আমি মানসিকভাবে নির্যাতিত হচ্ছি। আমি মনে করি না, এই নির্যাতন আমি সহ্য করতে পারব।’

২০১০ সালের আগস্টে স্পট-ফিক্সিংয়ের জন্য গ্রেপ্তার হওয়া আমির ক্রিকেট থেকে ৫ বছর বছরের জন্য নিষিদ্ধ হন। নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরলেও মাত্র ২৭ বছর বয়সে অবসরে যেতে বাধ্য হন তিনি।

রমিজ রাজার পরিবর্তে পিসিবির চেয়ারম্যান হিসেবে শোনা যাচ্ছে নাজাম শেঠির নাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত