জুরাইনে রাস্তায় গ্যাস লাইন বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৪

আপডেট : ১২ এপ্রিল ২০২২, ০৩:৩১ পিএম

রাজধানীর জুরাইন কবরস্থানের সামনে রাস্তায় গ্যাস লাইন থেকে বিস্ফোরণে শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্য দুজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সোমবার দিবাগত রাত ১২টার দিকে ঘটনাটি ঘটে। দগ্ধরা হলেন- পান দোকানদার আব্দুর রাজ্জাক (৬০), মুদি দোকানদার নুরুল ইসলাম (৪৫), টিভি মিস্ত্রি আব্দুর রহিম (৩৫) ও তার ছেলে তামিম (৮)।

দগ্ধ আব্দুর রাজ্জাক বলেন, তার বাসা শ্যামপুর করিমুল্লাহবাগ এলাকায়। জুরাইন কবরস্থান রোডে তার পানের ব্যবসা আছে। রাতে দোকানের সামনের রাস্তায় হঠাৎ বিস্ফোরণে ড্রেনের ঢাকনা সরে যায়। তখন তারা কয়েকজন মিলে ঘটনাটি দেখতে যান। এ সময় হঠাৎ ফুলকি দিয়ে আগুন উপরে উঠতে শুরু করে। এতে তারা কয়েকজন দগ্ধ হন।

তিনি আরও জানান, বেশ কয়েক দিন আগে থেকেই সেখানে গ্যাস পাইপ লিকেজ ছিল। রাতেই ফায়ার সার্ভিস ও গ্যাস লাইন কর্তৃপক্ষ গিয়ে লাইন মেরামত করে যায়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, জুরাইন থেকে চারজন দগ্ধ হয়ে এসেছিল। এদের মধ্যে তামিমের ৮ শতাংশ, নুরুল ইসলামের ৩৫ শতাংশ, আব্দুর রহিমের ১ শতাংশ, ও আব্দুর রাজ্জাকের ১ শতাংশ দগ্ধ হয়েছে। তামিম ও নুরুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত