পুলিশের অনুষ্ঠানে ফেনসিডিল আমদানির অনুমতি চাইলেন আ. লীগ নেতা

আপডেট : ১২ এপ্রিল ২০২২, ০৬:৫৩ পিএম

ফেনসিডিল আমদানি করে রাজস্ব আয় বাড়াতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সারপুকুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুল ইসলাম প্রধান।

ওপেন হাউস ডে অনুষ্ঠানের বক্তব্যে ফেনসিডিল আমদানির অনুমতি চেয়ে তিনি বলেন, ‘আমি নিজেও এক বোতল ফেনসিডিল খেয়েছি। ঘুম ছাড়া কিছুই হয় না। ফেনসিডিলের কারণে প্রতিদিন হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে ভারতে পাচার হচ্ছে। তাই ফেনসিডিল আমদানি করতে হবে।’

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পুলিশ সুপারসহ পুলিশ সদস্যদের উপস্থিতিতে এমন একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তোপের মুখে রয়েছেন ওই নেতা।

গতকাল সোমবার দুপুরে আদিতমারী থানা আয়োজিত ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়। সেখানে লালমনিরহাট পুলিশ সুপারসহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বর্তমানে আজিজুল ইসলাম প্রধান লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সদস্য এবং আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক ও সরপুকুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।

ভিডিওটিতে আজিজুল ইসলাম প্রধানকে বলতে শোনা গেছে, ‘সত্য বলবো তাতে জেল ফাঁস যা হয় হোক। ভারতে এক বোতল ফেনসিডিল মাত্র ৩৫ টাকা। এই ফেনসিডিলের কারণে প্রতিদিন হাজার কোটি টাকা ভারতে পাচার হচ্ছে। আমার তিন ছেলে মাস্টার্স পাস করেছে। তাদের নিষেধ করলেও গোপন জিনিসের ওপর আরও আগ্রহী হয়ে খাচ্ছে। ভারতে গিয়ে আমি নিজেও এক বোতল খেয়েছি, ঘুম ছাড়া কিছু হয় না।’

তিনি বলেন, ‘ভারতে ডাক্তারের সঙ্গে কথা বলেছি, দেশের তুষ্কা সিরাপের মতোই ফেনসিডিল। যাতে ঘুম ছাড়া কিছু নেই। অথচ এটার জন্য হাজার কোটি টাকা ভারতে পাচার হচ্ছে। বিষয়টা বঙ্গবন্ধু কন্যার নজরে আনা যায় কি না? ভারত থেকে ৩৫ টাকায় ফেনসিডিল কিনে ৭০ টাকা ট্যাক্স নিয়ে ১০০ টাকায় বিক্রি করলেও ব্যবসা হবে রাজস্ব বাড়বে সরকারের।’ তাই বিষয়টি নিয়ে উচ্চ মহলে আলোচনা করা দরকার বলে দাবি করেন আওয়ামী লীগ নেতা আজিজুল ইসলাম প্রধান।

আওয়ামী লীগ নেতার এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় বইছে।

নাম প্রকাশে অনিচ্ছুক আদিতমারী উপজেলা ছাত্রলীগের এক নেতা বলেন, ‘একজন বয়োজ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতার মুখে এ রকম কথা মানায় না। তিনি হয়তো কম দামে ফেনসিডিল কিনে খেতে চাচ্ছেন। সে জন্য হয়তো এ রকম কল্পকাহিনী বলেছেন।’

ওপেন হাউস ডে’র সভাপতি ও আদিতমারী থানার (ওসি) মোক্তারুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যুব সমাজকে দক্ষ করে গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সেখানে ফেনসিডিল আমদানি করে যুব সমাজকে উচ্ছন্যে পাঠাতে হবে।

তিনি বলেন, এটি তার ব্যক্তিগত মতামত হতে পারে। নির্বাচন করে ওই নেতার বুদ্ধি-শুদ্ধি লোপ পেয়েছে হয়তো।

রফিকুল ইসলাম আরও বলেন, ‘তার এই বক্তব্যে আওয়ামী লীগ বিব্রত। এ কারণে জেলার আওয়ামী লীগের অভিভাবক যারা আছেন তাদের সঙ্গে পরামর্শ করে তার বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়ার থাকলে তারা সেটি নেবেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত