খেলা আয়োজনে ফেডারেশনগুলোর প্রথম পছন্দ রাজধানী। সব ধরনের সুযোগ সুবিধা মেলে বলেই তারা ঢাকার বাইরে যেতে চান না। ফলে ঢাকার ভেতরকার ক্রীড়া স্থাপনাগুলো নিয়ে পড়ে যায় কাড়াকাড়ি। অনেকগুলো খেলাকে ভাগাভাগি করে ব্যবহার করতে হয় ক্রীড়া স্থাপনা। ঢাকামুখিতা থেকে ফেডারেশনগুলোকে বের করতে না পেরে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবার ঢাকাতেই স্থাপনা বাড়ানোর পরিকল্পনা করেছেন। রাজধানীর ভেতরে আরও দুটি মাল্টি ডিসিপ্লিন কমপ্লেক্স নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়।
গতকাল জাতীয় ক্রীড়া পরিষদে বঙ্গবন্ধু সেন্ট্রাল সাউথ এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপের পদকজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাসেল জানান, পূর্বাচলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিজস্ব অর্থায়নে নির্মিতব্য শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশে এবং গুলশানে দুটি পৃথক ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনার কথা, ‘ইতোমধ্যে ক্রিকেট বোর্ডের সভাপতি পাপন ভাইয়ের সঙ্গে আলোচনা হয়েছে। স্টেডিয়ামের পাশে অতিরিক্ত জমি রয়েছে। সেখানে অন্য খেলার জন্য আমরা কমপ্লেক্স করতে চাই। এছাড়া গুলশানে ইতালিয়ান দূতাবাস ও ডাচ ক্লাব অন্যত্র সরে যাচ্ছে। সেই জায়গাটি আমরা ক্রীড়া স্থাপনার জন্য ব্যবহার করতে চাই। এজন্য প্রয়োজনীয় আলোচনা চলছে।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিমন্যাস্টিকস ফেডারেশনের সভাপতি শেখ বশির আহমেদ মামুন।
