‘অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে’ বাগেরহাটে বর্ষবরণ উদ্‌যাপন

আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ১২:১৪ পিএম

বাগেরহাটে নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলা নববর্ষ উদ্‌যাপিত হচ্ছে। শুরুতে ‘এসো হে বৈশাখ এসো এসো’, গানে গানে বাংলা নববর্ষকে বরণ করে নেয় জেলা প্রশাসনসহ নানা শ্রেণিপেশার মানুষ।

বৃহস্পতিবার নববর্ষ উপলক্ষে বাগেরহাট শহরের শহীদ মিনার থেকে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে জেলা প্রশাসন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানসহ শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন।

জেলা পরিষদ মাঠে সাত দিন ব্যাপী মেলার উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার মো. রিজাউল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মোছাব্বেরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ হায়দারসহ প্রশাসনের কর্মকর্তারা।

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মোছাব্বেরুল ইসলাম বলেন, নববর্ষ আমাদের বাঙালির অসাম্প্রদায়িক চেতনা। আবহমানকাল ধরে বাঙালির চলে আসা সংস্কৃতির চর্চার এই বার্তাটি নিয়ে আসে বাংলা নববর্ষ। মহামারি করোনার কারণে গত দুই বছর আমরা তা পালন করতে পারিনি। সেই মহামারিকে কাটিয়ে উঠে এ বছর বাঙালি সংস্কৃতির যে ঐতিহ্য আমরা তা লালন করার জন্য এই আয়োজন করতে পেরে অসম্ভব ভালো লাগছে। সকাল থেকে সংস্কৃতির চর্চা গান, মঙ্গল শোভাযাত্রায় অংশ নিতে হাজারো মানুষ জড়ো হয়েছে। বাঙালির সংস্কৃতি ও বাংলাভাষা চর্চার যে ধারাবাহিকতা এই বার্তাটি নববর্ষে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে চাই। তারা যেন অসাম্প্রদায়িক চেতনায় মানুষ হিসেবে গড়ে ওঠে সেই আহ্বান জানাচ্ছি।

সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন বলেন, বাংলা নববর্ষ বাঙালির উৎসব। করোনা মহামারির কারণে আমরা গত দুই বছর তা পালন করতে পারিনি। এই উৎসবে সব ধর্মের মানুষ অংশ নেন। বাঙালির চির শাশ্বত উৎসব বাংলা নববর্ষ। রমজানের পবিত্রতা রক্ষা করে আমরা তা পালন করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত