রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সদ্য বিদায়ী কমিটির সাবেক উপ-সংস্কৃতি সম্পাদক সরোয়ার হোসাইন জীবনের বিরুদ্ধে রমজান মাসে বৈশাখী উৎসব উদ্যাপন করলে কলেজ প্রশাসনকে দাঁত ভাঙা জবাব দেয়া হবে বলে হুমকি দেওয়ার অভিযোগ উঠে।
বুধবার রাতে নিজের ফেসবুক আইডি থেকে এক স্ট্যাটাসে এ হুমকি দেন তিনি। এতে কলেজ ক্যাম্পাসে এক ধরনের ভীতির সঞ্চার হয়।
কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ আমেনা বেগম বলেন, এক ছাত্র রমজান মাসে কলেজে বৈশাখী উৎসব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি দিয়েছে। পরে বিষয়টি আমি পুলিশকে জানিয়েছি।
বুধবার রাতে হুমকি দিয়ে ছাত্রলীগ নেতা তার স্ট্যাটাসে বলেন, ‘আজ শুনলাম আগামীকাল নাকি কলেজে বৈশাখ উপলক্ষে অনুষ্ঠান করা হবে। রমজানের তাঁবু দিতে সমস্যা, মসজিদে ইফতার দিতে সমস্যা, কলেজ প্রশাসনের। আগামীকাল যদি কলেজে কোনো ধরনের বৈশাখ উদ্যাপন করা হয় এই পবিত্র মাসে, তাহলে কলেজ প্রশাসনকে দাঁতভাঙা জবাব দিতে হবে বলে দিলাম।’
এরপর বিভিন্ন সংবাদমাধ্যমে নিউজ ছড়িয়ে পড়লে, তিনি বৃহস্পতিবার তার আইডি থেকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে মেনসম করে আবার স্ট্যাটাস দিয়ে বলেন, ‘আমার আইডি হ্যাক করে কে বা কারা কলেজ প্রশাসন নিয়ে একটি পোস্ট করেছে আমি কিছুই জানি না। এটার জন্য আমি দুঃখিত।’
