পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে আফগান সীমান্তবর্তী জেলায় পৃথক দুটি সন্ত্রাসী হামলায় আট সেনা নিহত হয়েছেন। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে শুক্রবার ডন এ কথা জানিয়েছে।
উত্তর ওয়াজিরিস্তানের আফগান সীমান্তবর্তী আদিবাসী অধ্যুষিত জেলা দাতাখেলে বৃহস্পতিবার হামলার ঘটনা দুটি ঘটে। সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর একটি গাড়িতে অতর্কিতে হামলা চালালে সাত সেনা নিহত হন। জেলার ইশাম এলাকায় নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে লড়াইয়ে এক সেনা নিহত হন।
কর্মকর্তারা জানান, প্রথম ঘটনায় সন্ত্রাসীরা দাতাখেল এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি চলন্ত গাড়িতে অতর্কিতে হামলা চালায়। সন্ত্রাসীরা রকেট চালিত গ্রেনেড লঞ্চার ও বন্দুক দিয়ে হামলা চালায়। হামলায় সাত সেনা নিহত হন বলে জানান কর্মকর্তারা। উত্তর ওয়াজিরিস্তানের জেলা সদর দপ্তর মিরামশাহে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান কর্মকর্তারা।
নিহত সেনারা হলেন- হাবিলদার তারিক, সিপাহি আরশাদ, কাশিফ, জুনাইদ, ইজাজ, ওয়াকাস ও জাওয়াদ মির। একটি সামরিক হেলিকপ্টারে করে তাঁদের মরদেহ মিরামশাহে নেওয়া হয়।
সূত্রগুলো বলেছে, ওই এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরাও পাল্টা হামলা চালিয়েছিলেন। তবে হামলাকারী সন্ত্রাসীদের হতাহতের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) হামলার বিষয়টি নিশ্চিত করেনি। কোনো আনুষ্ঠানিক বিবৃতিও দেয়নি।
তিন দিন আগে দক্ষিণাঞ্চলীয় জেলা দেরা ইসমাইল খানে এক হামলায় পাঁচ পুলিশ সদস্য নিহত হন। আহত হন আরও চারজন। এরপরই বৃহস্পতিবার বড় ধরনের এ হামলার ঘটনা ঘটল।
দ্বিতীয় ঘটনাটি ঘটে উত্তর ওয়াজিরিস্তানের ইশাম এলাকায়। সেনা ও সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষে মিঞাওয়ালি এলাকার সিপাহি আসমাতুল্লাহ খান (২৮) নিহত হন। সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এ কথা জানিয়েছে। ওই এলাকা থেকে সন্ত্রাসীদের নির্মূলে শুদ্ধি অভিযান চলছে।
