বিয়ে হল আলিয়া ভাট আর রণবীর কাপুরের। সেই বিয়ে নিয়ে শুধুমাত্র যে তাদের পরিবার, বন্ধুবান্ধব এবং অনুরাগীদেরই উদ্দীপনা ছিল, তা নয়। তার পাশাপাশি বিষয়টি নিয়ে উত্তেজনা সপ্তমে পৌঁছেছিল সংবাদমাধ্যম কর্মীদেরও। একটি ঘটনা থেকেই তা প্রমাণিত।
বৃহস্পতিবার বিয়ে হয়েছে আলিয়া আর রণবীরের। সেদিন বিয়ের অনুষ্ঠানের শেষে বাড়ির বাইরে বেরিয়ে আসেন তারা। সেখানে তার আগের দিন থেকে অপেক্ষারত ছিলেন সংবাদমাধ্যমের কর্মীরা। বিশেষ করে আলোকচিত্রীরা। রণবীর আর আলিয়া তাদের ছবি তোলার জন্য পর্যাপ্ত সময় দেন। শেষ পর্যন্ত রণবীর দুহাতে তুলে নেন আলিয়াকে। তার পরে সেখান থেকে চলে যান। যাওয়ার সময়েও ফটোগ্রাফারদের দিকে তাকিয়ে মুচকি হাসেন আলিয়া।
এর পরেই আনন্দে ভেসে যান অপেক্ষারত সংবাদমাধ্যম কর্মীরা। তারা আনন্দের চোটে নাচতে শুরু করেন বাড়ির বাইরে। আর সেই ভিডিওটিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
এই ভিডিও দেখে অনেকেই বলেছেন, সংবাদমাধ্যমের কর্মীদের টানা পরিশ্রম এবং তাদের আনন্দের পুরো ছবিটাই পরিষ্কার হয়ে যায় এই ভিডিও দেখে। কেউ কেউ লিখেছেন, যেভাবে সংবাদমাধ্যম কর্মীরা আলিয়া-রণবীরের বিয়ের জন্য আনন্দ করেছেন, তা এক কথায় অভাবনীয়।
