গফরগাঁওয়ে জমির বিরোধে ভাবির লাঠির আঘাতে দেবরের মৃত্যু

আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ০২:২৫ পিএম

পৈতৃক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের বিরোধের জেরে ভাবির লাঠির আঘাতে গুরুতর আহত সাইফুল ইসলাম (৪৫) মারা গেছেন।

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে উপজেলার পাগলা থানাধীন টাঙ্গাব ইউনিয়নের রৌহা গ্রামে। এ ঘটনায় শনিবার নিহতের স্ত্রী আফরোজা বাদী হয়ে পাগলা থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

শনিবার লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, দুই ভাই বুলবুল ইসলাম ও সাইফুল ইসলাম শারফুলের মধ্যে জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার বিকেলে দুই ভাইয়ের পরিবারের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়।

এ সময় বুলবুল ইসলামের স্ত্রী পলি আক্তার পেছন দিক থেকে দেবর সাইফুল ইসলাম শারফুলের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে ঢাকার হাসপাতালে ভর্তি করান।

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।

পাগলা থানার ওসি রাশেদুজ্জামান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় দায়েরকৃত মামলা ও ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত