গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর পাইনশাইল এলাকায় ট্রাকের ভয়ে পানিতে ঝাঁপ দিয়ে মানসিক প্রতিবন্ধী এক তরুণ নিহত হয়েছেন।
শনিবার সকালে তিনি পানিতে ডুবে নিখোঁজ হন। খবর পেয়ে দুপুর ১টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহ উদ্ধার করে।
তার নাম আরিফুর রহমান (২০)। তিনি শেরপুরের ঝিনাইগাতী থানা এলাকার আলেব উদ্দিনের ছেলে।
তারা পরিবারসহ গাজীপুর সদর উপজেলার পাইনশাইল এলাকায় বসবাস করতেন।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন জানান, সকালে পাইনশাইল এলাকায় হাঁটু পানি থাকা একটি খাল হেঁটে পার হচ্ছিল আরিফুর রহমান।
ওই সময় একটি ট্রাকও খালের পানির উপর দিয়ে পার হচ্ছিল। একপর্যায়ে সেখানে ঢেউয়ের সৃষ্টি হয় এবং ভয় পেয়ে আরিফুর রহমান গভীর পানিতে পড়ে তলিয়ে যায়।
পরে খোঁজাখুঁজির করে এলাকাবাসী তার কোনো সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে দুপুর ১টার দিকে আরিফুর রহমানকে মৃত অবস্থায় উদ্ধার করে। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
