‘গৃহহীনদের ঘর নির্মাণ এ সরকারের শ্রেষ্ঠ কাজ’

আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ০৭:৩৬ পিএম

প্রধানমন্ত্রী কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেছেন, ‘দেশের নিরাশ্রয় দরিদ্র ভূমিহীনদের বিনা পয়সায় জমি ও বাড়ি দেওয়ার প্রকল্পকে ইবাদত হিসেবে নিয়েছেন প্রধানমন্ত্রী। দরিদ্র ও ভূমিহীন মানুষদের জমিসহ বাড়ি তৈরি করে দেওয়ার এমন কর্মসূচি সারা বিশ্বে বিরল। গৃহহীনদের ঘর নির্মাণ এ সরকারের শ্রেষ্ঠ কাজ।’

শনিবার দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক এলাকার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করতে গিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব এ কথা বলেন।

তিনি আরো বলেন, বাস্তবে রূপ নিতে যাচ্ছে ভূমি ও গৃহহীনদের ঘর নির্মাণ আশ্রয়ণ প্রকল্প-২। আগামী ২০২৩ সালের মধ্যে সবাই পাবে মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ এ উপহার। এ দেশে কেউ গৃহহীন থাকবে না।

এ সময় প্রকল্প সংশ্লিষ্ট ও উপকারভোগীদের কাছে প্রধানমন্ত্রীর জন্য দোয়া চান তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব পাহাড়ি এলাকায় নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো দেখে এর নির্মাণকাজের প্রশংসা করেন। পরে প্রকল্প সংশ্লিষ্ট ও উপকারভোগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশ্রাফ উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মমিনুর রহমান ও বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান নোয়াব আলী।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদের সঞ্চালনায় এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে উপকারভোগীদের মধ্যে মত প্রকাশ করেন ছেনোয়ারা বেগম ও আবুল খায়ের। তারা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাদের প্রকল্প এলাকা পরিদর্শনে আসার জন্য জ্যেষ্ঠ সচিবকেও ধন্যবাদ জানান।

এ সময় সচিব উপকারভোগী ২৬ পরিবারকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার ইফতার সামগ্রী বিতরণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত