ভারতের নয়া দিল্লির জাহাঙ্গীরপুরী এলাকায় হনুমান জয়ন্তীর মিছিলে পাথর ছোড়ার অভিযোগে ২ সম্প্রদায়ের সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশের ছয় সদস্যসহ সাতজন আহত হয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির সংবাদে বলা হয়েছে, সংঘর্ষের বিভিন্ন ভিডিওতে দেখা গেছে রাস্তার বিভিন্ন উভয় দিক থেকে বহু মানুষ একে অপরের দিকে পাথর ছুঁড়ে মারছে এবং পুলিশ বাঁধা দেওয়ার চেষ্টা করলে তারা পিছু হটে যাচ্ছে।
দিল্লির পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিয়েছেন তিনি।
দিল্লির পুলিশ কমিশনার রাকেশ আস্থানা বলেছেন, শুধু জাহাঙ্গীরপুরি নয়, সংলগ্ন অন্যান্য এলাকাতেও সংঘর্ষ দেখা গেছে।
তিনি বলেন, ‘পরিস্থিতির ওপর নজর রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া টহল তদারকি করতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের তাদের নিজ নিজ এলাকায় অবস্থান করতে বলা হয়েছে।’
তিনি এনডিটিভিকে বলেন, ‘জাহাঙ্গীরপুরীর আশেপাশে র্যাপিড অ্যাকশন ফোর্সের (আরএএফ) দুটি কোম্পানিও মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় ২ পুলিশ সদস্য আহত হয়েছে, তবে তদন্তের পরই আঘাতের ধরন জানা যাবে।’
হনুমান জয়ন্তীর মিছিলে পাথর ছোড়ার নিন্দা জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, শান্তি ছাড়া দেশের অগ্রগতি কখনই সম্ভব নয়।
