কাউন্সিলরের নামে মামলা করায় মারধরের অভিযোগ

আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ১১:৪৩ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে এক পৌর কাউন্সিলরের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করায় বাদী শ্রমিক নেতার ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। মারধরের ঘটনায় গত রবিবার কালিয়াকৈর থানায় একটি অভিযোগ করা হয়।

মারধরে আহত বাবুল শেখ (৫০) কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকার ছাদত আলী শেখের ছেলে। তিনি কালামপুর রিকশাভ্যান সমবায় সমিতির সভাপতি।

এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, কালিয়াকৈর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল কাশেম ও তার সহযোগীদের বিরুদ্ধে এ চাঁদাবাজি ও হামলার অভিযোগ উঠেছে। ওই কাউন্সিলর ও তার সহযোগী আনোয়ার হোসেন, শ্রীভাস, জেলে সজলসহ বেশ কয়েকজন মিলে এলাকায় বিভিন্নভাবে চাঁদাবাজি করে আসছে। তাদের চাহিদামতো টাকা না দিলে বাড়ি নির্মাণে বাধা, নির্মাণ সামগ্রী আনা-নেওয়ায় বাধা, রাস্তায় ব্যারিকেডসহ নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন ওয়ার্ডবাসী।

গত ১২ মার্চ কালামপুর রিকশাভ্যান সমবায় সমিতির সভাপতি বাবুল শেখের কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন ওই কাউন্সিলর ও তার সহযোগীরা। চাঁদা দিতে অস্বীকার করায় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ ঘটনায় ২৯ মার্চ বাবুল শেখ বাদী হয়ে ওই কাউন্সিলর ও তার সহযোগীদের নামে গাজীপুর আদালতে একটি চাঁদাবাজির মামলা করেন।

গত শনিবার রাতে ওই সমিতির সভাপতি বাবুল শেখ ও সাধারণ সম্পাদক সোলতান মাস্টার বাড়ি ফেরার পথে ৫-৬ জন লোক প্রাইভেটকারযোগে এসে তাদের গতিরোধ করে। চাঁদাবাজি মামলার বাদী শ্রমিক নেতা বাবুল শেখের ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করে তাকে গুরুতর আহত করে। এ সময় সমিতির সাধারণ সম্পাদক সোলতান মাস্টার দৌড়ে পালিয়ে রক্ষা পান। অভিযুক্ত কাউন্সিলর আবুল কাশেম বলেন, ‘আমার নামে কেন চাঁদাবাজির অভিযোগ করেছে তা জানি না। আমি চাঁদাবাজি করি না, সাংবাদিকরাই চাঁদাবাজি করে’ বলে তিনি ফোন কেটে দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত