নরসিংদীর শিবপুরে দ্বিতীয় বিয়ের গুঞ্জনে ঘুমন্ত অবস্থায় স্বামীর ‘গোপনাঙ্গ’ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। পুলিশ অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে।
মঙ্গলবার শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাম যদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সোমবার দিবাগত রাতে উপজেলার পুটিয়া ইউনিয়নের মুন্সেফেরচর গ্রামে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই স্বামীর নাম আরিফ মিয়া (২৮)। অভিযুক্ত স্ত্রীর নাম মুক্তা বেগম। তাদের এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। আরিফ পেশায় একজন প্রাইভেটকার ড্রাইভার ।
স্থানীয়রা জানায়, আরিফ মিয়া স্ত্রী মুক্তা বেগমকে নিয়ে শিবপুরের মুন্সেফেরচর গ্রামে ভাড়া থাকতেন। সম্প্রতি আরিফের দ্বিতীয় বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়লে স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ তৈরি হয়। এর জের ধরে সোমবার দিবাগত রাতে ঘুমন্ত অবস্থায় ধারালো কোনো বস্তু দিয়ে স্বামীর গোপনাঙ্গ কেটে দেন স্ত্রী। স্বামী টের পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা জড়ো হয়। পরে মঙ্গলবার ভোরে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গিয়ে তার চিকিৎসা করানো হয় ।
ভুক্তভোগী আরিফ মিয়া বলেন, রাতে ব্যথার যন্ত্রণায় আমার ঘুম ভাঙলে দেখি হাত-পা বাঁধা। সারা বিছানা রক্তে ভেসে গেছে। পরে আমি চিৎকার করলে প্রতিবেশীরা এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন বলেন, আমরা খবর পাওয়ার পর রাতেই ভুক্তভোগীর স্ত্রী অভিযুক্ত মুক্তা বেগমকে বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসি। প্রাথমিক ভাবে জানতে পেরেছি আরিফের দ্বিতীয় বিয়ের একটা গুঞ্জন আছে। এছাড়া আরিফ স্ত্রীর কোনো খোঁজ রাখত না বলেও অভিযোগ পেয়েছি। এসব কারণে স্ত্রী এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
তিনি বলেন, আমরা এ ব্যাপারে তদন্ত করছি, পরে প্রকৃত কারণ বলা যাবে। এ ব্যাপারে ভুক্তভোগীর পরিবারের কেউ এখনো থানায় কোনো অভিযোগ করেনি।
