আশুলিয়ায় যুবদল নেতা আব্দুল হাই গ্রেপ্তার

আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ০৪:৩৭ পিএম

ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় আশুলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি ও থানা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল হাইকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।  মঙ্গলবার দুপুরে ৭ দিনের পুলিশ রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে ভোরে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত আব্দুল হাই ঢাকার আশুলিয়ার রণস্থল বাইনটেকী এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে। তিনি আশুলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি ও থানা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য।

পুলিশ জানায়, গত বছরের ৩১ ডিসেম্বর শিমুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মনোনীত প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়।

এ ঘটনায় শিমুলিয়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবীবুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

ওই মামলায় আব্দুল হাই তদন্ত প্রাপ্ত আসামি। ভোরে তিনি মাইক্রোবাসযোগে বাসা থেকে বাইরে যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাইপাইল বাসস্ট্যান্ড থেকে  তাকে গ্রেপ্তার করা হয়।

আশুলিয়া থানার এসআই দেলোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃত আব্দুল হাই একটি মামলার তদন্তপ্রাপ্ত আসামি। ইউপি নির্বাচনে অফিসে অগ্নিসংযোগ মামলায় গ্রেপ্তার দেখিয়ে এবং ৭ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত