নেদারল্যান্ডসে ‘ফ্লোরিয়েড এক্সপো ২০২২’ এ প্রথমবার বাংলাদেশ

আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ০৮:৫৩ পিএম

১৪ এপ্রিল, ২০২২। সমগ্র বাঙালি যখন নতুন বর্ষকে বরণ করতে উৎসবে মেতেছে, তখন আমরা কয়েকজন কৃষি সৈনিক দেশ থেকে বহু দূরে লাল সবুজের পতাকা হাতে দেশের প্রতিনিধিত্ব করছি আন্তর্জাতিক এক অঙ্গনে। বাংলাদেশের অর্জনে যুক্ত হলো নতুন এক সফলতা Floriade Expo -2022 জয়।

জাতির পিতার স্বপ্নে গড়া বাংলাদেশের কৃষি ক্ষেত্র আজ দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে। ৭তম ফ্লোরিয়েড ও ২৩ তম  international association of Horticultural Producers ( AIPH) যা ওয়ার্ল্ড হর্টিকালচার এক্সপো নামেই পরিচিত। বাংলাদেশের পক্ষে কৃষি  মন্ত্রণালয়ের একক কোন আন্তর্জাতিক হর্টিকালচার মেলায় এটাই প্রথম অংশগ্রহণ।এই কার্যক্রমের লিড এজেন্সি হিসেবে আছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। অনুষ্ঠানটির উদ্বোধন হয় ১৩ এপ্রিল, কিন্তু দর্শনার্থীদের জন্য মেলার প্রথম দিন ছিল ১৪ এপ্রিল, ২০২২। আমাদের জন্য দিনটি ছিল একটু বাড়তি পাওয়া কারণ বর্ষ বরণের সমস্ত আয়োজনটি আমরা ভাগাভাগি করতে পেরেছি আগত দর্শনার্থীদের সঙ্গে। বাংলাদেশ প্যাভিলিয়নে বাংলাদেশের দলের সকলের পরনেই ছিল  বাঙালি পোশাক। আর বর্ষবরণের নানা ঐতিহ্যবাহী  মুখোশ ও সরঞ্জাম। আগত দর্শকদের উপহার হিসেবে দেয়া হয়  উত্তরীয় ও পাটের তৈরি ব্যাগ। নেদারল্যান্ডসে থাকা ইতালির রাষ্ট্রদূত ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এ সময়।

মেলায় বাংলাদেশের স্টলটি বেশ নজর কেড়েছে সকলের। আমাদের জাতীয় ফুল  শাপলার ১৮ টি পাপড়ির উপর দাঁড়ানো প্যাভিলিয়নটির বেশির ভাগই পাটের তৈরি পণ্য ও পাটের তৈরি আঁশ দিয়ে সাজানো। মূল মেলার প্রতিপাদ্যের সাথে মিল রেখে বাংলাদেশও তার স্লোগান-  Back to the Jute, Back to the Nature কে বিশ্ব অঙ্গনে, বিদেশি দর্শনার্থীদের কাছে তুলে ধরেছে।

মেলার প্রথম দিনেই বাংলাদেশ প্যাভিলিয়নে ছিল উপচে পড়া  ভিড়। আমরা আমাদের কৃষি ও সংস্কৃতিকে তুলে ধরেছি বেশ সফলতার সঙ্গে। তবে আজকের এই সফলতা একদিনে অর্জিত হয়নি। এই অঙ্গনে নিজেদের স্থান করে নিতে আমাদের যেতে হয়েছে নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে।

১ জুন ২০২১ তারিখে  বাংলাদেশ  পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আনুষ্ঠানিক আমন্ত্রণ পত্রের প্রেক্ষিতে কৃষি মন্ত্রণালয় এই মেলায় অংশ গ্রহণের আগ্রহ প্রকাশ করে। পরবর্তীতে ১০ জুন, ২০২১ তারিখে  এই মেলায়  প্রতিপাদ্য ও উদ্দেশ্যসহ এক সম্মতিপত্র কৃষি মন্ত্রণালয়ের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আয়োজক প্রতিষ্ঠানকে প্রেরণ করা হয়। চূড়ান্ত প্রস্তাব ও এই মেলার সম্মতিপত্র গত ৩০ জুন ২০২১ তারিখে নেদারল্যান্ডস এ অবস্থিত  বাংলাদেশ  দূতাবাসের কাছে পৌঁছায়। সেই থেকে যাত্রা শুরু Floriade Expo 22  এ বাংলাদেশের প্যাভিলিয়নের । ২১ জুলাই, ২০২১  বাংলাদেশ আনুষ্ঠানিক ভাবে এই মেলায় অংশগ্রহণের সুযোগ পায়। মেলার ১০১ নম্বর প্লটটি বরাদ্দ হয় বাংলাদেশের নামে। আয়োজক দেশ ডাচ প্যাভিলিয়নটির পাশেই স্থান হয় বাংলাদেশের। ১০০০ বর্গ  মিটারের  এই প্যাভিলিয়নটি এই মেলায় এক টুকরো বাংলাদেশ আজ। নৌকা, শাপলা, পাট সহ নানা বাংলাদেশি প্রতীক নিয়ে মাথা উঁচু করে প্রতিনিধিত্ব করছে পুরো বাংলাদেশের। Bureau International des Expositions  গত ১৫ নভেম্বর ২০১৭ সালে এই মেলাটিকে আন্তর্জাতিক হর্টিকালচার মেলা হিসেবে ঘোষণা দেয়। এই মেলাটি প্রতি ১০ বছর  অন্তর অন্তর আয়োজন করা হয়। এবার অনুষ্ঠিত হচ্ছে নেদারল্যান্ডসের Almere শহরের Weerwater venue  তে।

এবারের মেলার প্রতিপাদ্য  বিষয় হচ্ছে –Growing Green  cities । প্রায় ৬০ হেক্টর  বা ১৫০ একর জমি নিয়ে এই মেলার আয়োজন হচ্ছে। মেলাটি চলবে ১৪ এপ্রিল ২০২২ থেকে ৯ অক্টোবর ২০২২ পর্যন্ত।

International association of horticulture  Producers ( AIPH) সংস্থাটি বিশ্বব্যাপী হর্টিকালচার পণ্য প্রচারের জন্য কাজ করে থাকে। আন্তর্জাতিক মানের বাগান ও ফুল উৎসব আয়োজন করা তাদের অন্যতম কাজ। এই গুরুত্বপূর্ণ সংস্থার সদস্য হওয়ার একটি সুযোগ পেল বাংলাদেশ এই মেলায় অংশ গ্রহণের মাধ্যমে। সুতরাং বলা যেতে পারে এই মেলায় বাংলাদেশের প্রাপ্তির সুযোগ বহু গুন রয়ে গেছে। কৃষি মন্ত্রী ড.মোঃ আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে বাংলাদেশের কৃষি আজ আরও এক ধাপ এগিয়ে গেল । কৃষি সচিব মো. সায়েদুল ইসলাম এর অনুপ্রেরণায় ও সঠিক দিক  নির্দেশনায় এই এক্সপোতে বাংলাদেশ আজ সফল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা পরিচালক মো. বেনজির আলম সার্বক্ষণিক বাংলাদেশ দলকে আগলে রেখেছেন।

বাংলাদেশের হর্টিকালচার ক্ষেত্রের জন্য এই মেলাটি বেশ গুরুত্বপূর্ণ সংযোজন।  বাংলার কৃষিতে এই মেলায় অংশগ্রহণের অভিজ্ঞতা সুফল বয়ে  আনবে আশা করা যায়। জাতির জনকের সবুজ বাংলা গড়ার স্বপ্নপূরণে এভাবেই বাংলার কৃষি এগিয়ে যাচ্ছে। সাথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

লেখক: ড. শামীম আহমেদ, অতিরিক্ত উপপরিচালক, (কন্দাল, সবজি ও মসলা জাতীয় ফসল), হর্টিকালচার উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), খামারবাড়ী

×
সর্বশেষ সর্বাধিক পঠিত