ঢাকার নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত মোশাররফ হোসেন নামের এক ছাত্রের উন্নত চিকিৎসার দায়িত্ব নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সংঘর্ষে এ পর্যন্ত একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আরো এক যুবক লাইফসাপোর্টে আছেন।
এ ছাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তৃতীয় বর্ষের ছাত্র কানন চৌধুরী (২৩) ও দোকান কর্মচারী ইয়াসিন (১৭) মাথায় গুরুতর আঘাত নিয়ে চিকিৎসাধীন।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নিউমার্কেট ও ঢাকা কলেজ এলাকায় সংঘটিত ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থী মোশাররফ হোসেনের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে। আহত মোশাররফ বর্তমানে একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ছাড়া এ ঘটনায় আহত সব শিক্ষার্থী এবং অন্য ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশনা দিয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সোমবার রাতে রাজধানীর নিউমার্কেটের একটি খাবারের দোকানের কর্মীদের সঙ্গে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীর কথা–কাটাকাটি হয়। এর জেরে গভীর রাতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ান নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকানকর্মীরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ও রবার বুলেট ছুড়ে রাত আড়াইটায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনার জেরে মঙ্গলবার সকাল থেকে দিনভর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। বিকালে পুলিশ এসে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে দুই পক্ষকে সরালেও পরিস্থিতি শান্ত হয়নি। ঢাকা কলেজের ছাত্রদের বিকেলের মধ্যে ছাত্রাবাস ছাড়ার নির্দেশনা দেওয়া হলেও তারা তা করেননি। রাত পৌনে ১০টা পর্যন্ত শিক্ষার্থীরা কলেজের সামনে অবস্থান নিয়ে আছেন। অন্যদিকে নিউমার্কেটের কাছে ব্যবসায়ীরাও অবস্থান নিয়ে আছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
