ঈদ মানেই শাকিব খানের ছবি। এবারের ঈদেও মুক্তি পাচ্ছে শাকিব খানের দুটি সিনেমা। একটি হচ্ছে এস এ হক অলিক পরিচালিত ‘গলুই’, অন্যটি হচ্ছে শাহীন সুমন পরিচালিত ‘বিদ্রোহী’। ইতিমধ্যেই দুটি সিনেমার প্রযোজনা সংস্থায় সিনেমার প্রচারণা শুরু করছেন।
শাকিব খানও যুক্তরাষ্ট্রে বসে নিজের সিনেমা প্রচারণা চালাচ্ছেন। তবে ‘গলুই’ নিয়ে প্রচারণা চালালেও ‘বিদ্রোহী’ সিনেমা নিয়ে প্রচারণা করছেন না শাকিব। কারণ কি? জানা যায়, বিদ্রোহী সিনেমার প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়ার সঙ্গে শাকিব খানের দ্বন্দের কারণেই ছবিটির প্রচারণা করছেন না। এই দ্বন্দ্ব যদিও নতুন নয়, শাহেনশাহ ছবি মুক্তির আগে থেকেই তাদের এই বিবাদ চলে আসছে। এ কারণে শাহেনশা ছবির প্রচারণাতেও ছিলেন না শাকিব।
জানা যায়, বেশকিছু কারণেই শাকিব খানের সঙ্গে দ্বন্দ্ব রয়েছে শাপলা মিডিয়ার। বছর দু-এক আগে থেকেই নায়ক-প্রযোজকের অন্তর্কোন্দল চলছে। প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান শিডিউল ফাঁসানোসহ নানান অভিযোগ করেন শাকিবের বিরুদ্ধে। বছর দু-এক আগে এ অভিযোগের পর থেকে দ্বন্দ্বের শুরু। এ ছাড়া সিনেমার কাজে খামখেয়ালি করে আর্থিক ক্ষতিও করেছেন বলে সেসময় অভিযোগ করেছিলেন সেলিম খান। তবে এসব তথ্য ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেছিলেন শাকিব খান।
শাকিব খানকে নিয়ে শাপলা মিডিয়া ‘আমি নেতা হবো’, ‘চিটাঙ্গাইয়া পোয়া নোয়াখাইল্যা মাইয়া‘, ‘ক্যাপ্টেন খান, ‘শাহেনশাহ’ ও ‘বিদ্রোহী’ সিনেমা নির্মাণ করে। শাপলা মিডিয়ার নতুন ‘কমান্ডো’ ছবিতেও প্রথম কাস্ট হয়েছিলেন শাকিব খান। কিন্তু পরবর্তীতে প্রযোজকের সঙ্গে দ্বন্দ্বের জের ধরেই কলকাতার ‘দেব’কে এই ছবিতে নেওয়া হয়।
