ব্রাজিলের ফুটবল সমর্থকদের জন্য সুখবর। তিন দিন পর হাসপাতাল ছাড়লেন কিংবদন্তি ফুটবলার পেলে।
ক্যানসার চিকিৎসা সংক্রান্ত পরীক্ষার পর বৃহস্পতিবার সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল ছেড়ে ঘরে ফিরেছেন ৮১ বছর বয়সী সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার। শারীরিকভাবে ভালো এবং স্থিতিশীল অবস্থায় আছেন পেলে। এমনটাই জানিয়েছে তার চিকিৎসকেরা।
ক্যানসার চিকিৎসার জন্য গত সোমবার ফের হাসপাতালে ফিরতে হয় পেলেকে। গত সেপ্টেম্বরের শুরুতে রুটিন চেক-আপের অংশ হিসেবে হাসপাতালে নেওয়া হয়েছিল পেলেকে। সেখানেই তার টিউমার ধরা পড়ে এবং অস্ত্রোপচার করে তা অপসারণ করা হয়। তখন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, ৮১ বছর বয়সী এই ফুটবল কিংবদন্তির কেমোথেরাপি চলবে। এরপর থেকে নিয়মিতভাবে হাসপাতালে তার চিকিৎসা চলছে।
পেলে ব্রাজিলের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ৯২ ম্যাচে ৭৭ গোল করেন তিনি। এ ছাড়া তিনি ইতিহাসের চার ফুটবলারের একজন, যাদের চারটি আলাদা বিশ্বকাপে গোল করার নজির আছে।
