সাভারের বিরুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় ছাঁটাইকৃত শ্রমিকদের বকেয়া বেতনভাতা পরিশোধের কথা বলায় এক শ্রমিক নেতাকে মারধর ও গুম করার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শ্রমিক নেতা কবির খান মনির বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সাভারের বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর এলাকার গোল্ডস্টার গার্মেন্টস লিমিটেড নামক তৈরি পোশাক কারখানার ২৭ জন শ্রমিককে বেআইনিভাবে ছাঁটাই করে তাদের বকেয়া বেতনভাতা পরিশোধ করছে না কারখানা কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার দুপুরে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম সাভার থানার সভাপতি কবির খান মনির ও নজরুল ইসলাম কারখানার সামনে অবস্থানরত শ্রমিকদের নামের তালিকা করে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করতে যান। এ সময় কারখানার মূল ফটকের সামনে অ্যাডমিন কর্মকর্তার নেতৃত্বে পাঁচ-ছয়জন মনিরকে বেধড়ক মারধর করে। গোল্ডস্টার গার্মেন্টস কারখানার কো-অর্ডিনেটর রেজা চৌধুরী বলেন, ‘অভিযোগটি দেখেছি। এটা ঠিক না। কারখানার ভেতরে কিছু হয়নি। বাইরে স্থানীয় লোকদের সঙ্গে শ্রমিক নেতাদের কিছু ঝামেলা হয়েছে শুনেছি।’
