নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যবসায়ীর ১ কোটি ৬৬ লাখ টাকা এবং নতুন একটি টয়োটা প্রিমিও ব্র্যান্ডের গাড়ি নিয়ে পালিয়ে গেছে গাড়িটির চালক। এ ঘটনায় ওই প্রতারককে ধরিয়ে দিতে ৫ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছেন ওই ব্যবসায়ী। গত বৃহস্পতিবার সকালে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এ ঘটনা ঘটে। পরে গতকাল শুক্রবার সকালে ব্যবসায়ী জালাল উদ্দিন বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন।
ব্যবসায়ী জালাল জানান, তিনি মেসার্স কনকর্ড এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। গত বৃহস্পতিবার সকালে জমি কেনার জন্য নতুন টয়োটা প্রিমিও ব্র্যান্ডের গাড়ি (ঢাকা মেট্রো-গ-৪৭-৪৮১২) যার মূল্য ৪২ লাখ টাকা ও ১ কোটি ৬৬ লাখ টাকাসহ গাড়ির চালক সোহেল ওরফে সোহরাবকে নিয়ে রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে যান। সেখানে গিয়ে তিনি অফিসে প্রবেশ করার পর চালক টাকাসহ গাড়ি নিয়ে পালিয়ে যায়। এরপর থেকে তার ফোন নাম্বারগুলোও বন্ধ রয়েছে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, গাড়িচালকের সন্ধানে কাজ করছে পুলিশ।
