শ্রীলঙ্কা: সরকার বিরোধী বিক্ষোভে এবার মন্ত্রীর সমর্থন

আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ০৯:৪৫ এএম

চরম অর্থনৈতিক সংকটে পড়া শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে ও তার বড় ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের পদত্যাগের দাবিতে দেশটির রাজপথে প্রতিদিনই বিক্ষোভ তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে।  

এবার চলমান বিক্ষোভে সমর্থন দিলেন শ্রীলঙ্কার গণমাধ্যমবিষয়ক মন্ত্রী এবং ক্ষমতাসীন দলের এক জ্যেষ্ঠ নেতা রয়েছেন। এর ফলে দেশটির সরকারের ওপর রাজনৈতিক চাপ আরও বাড়ল বলে মনে করা হচ্ছে। খবর এএফপির।

শনিবার এই বিক্ষোভে সমর্থন জানান শ্রীলঙ্কার গণমাধ্যমবিষয়ক মন্ত্রী নালাকা গোদাহেওয়া। তিনি প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

সংবাদমাধ্যমকে তিনি বলেন, সরকার ইতিমধ্যে গ্রহণযোগ্যতা হারিয়েছে। পুলিশের গুলিতে বিক্ষোভকারী নিহত হয়েছেন। এটা মেনে নেওয়া যায় না। এই পরিস্থিতিতে প্রেসিডেন্টের উচিত প্রধানমন্ত্রী মাহিন্দাকে বরখাস্ত করা। সর্বদলীয় ঐক্যের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠন করা।

সরকার থেকে পদত্যাগ করবেন কি না জানতে চাইলে নালাকা গোদাহেওয়া বলেন, তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। কিন্তু প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে তা গ্রহণ করেননি।

সরকার পতনের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন শ্রীলঙ্কার ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা দুলাস আলাহাপেরুমাও। তিনি এর আগে দেশটির গণমাধ্যমবিষয়ক মন্ত্রী ছিলেন। সরকারের মুখপাত্রের দায়িত্বও সামলেছেন দুলাস।

তিনি বলেন, ‘প্রেসিডেন্ট গোতাবায়ার প্রতি আমার আহ্বান, পার্লামেন্টে এক বছর রয়েছেন, এমন ব্যক্তিদের নিয়ে সব দলের অংশগ্রহণে ছোট আকারের একটি মন্ত্রিসভা গঠন করুন। বর্তমান সরকার সংকট সামলাতে ব্যর্থ হয়েছে।’

অর্থনৈতিক সংকটের জেরে নিত্যপণ্য ও জ্বালানির দাম বেড়ে যাওয়ার প্রতিবাদে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী— দুই ভাইয়ের পদত্যাগের দাবিতে ৯ এপ্রিল থেকে রাজধানী কলম্বোয় প্রেসিডেন্টের দপ্তরের সামনে চলছে টানা বিক্ষোভ।

বিক্ষোভ করতে গিয়ে গত মঙ্গলবার শ্রীলঙ্কার মধ্যাঞ্চলীয় রামবুক্কানা শহরে পুলিশের গুলিতে নিহত হন চামিন্ডা লক্ষ্মণ। শনিবার ছিল ৪২ বছরের চামিন্ডা লক্ষ্মণের শেষকৃত্য। এ আয়োজন ঘিরে আরও বিক্ষোভের আশঙ্কায় শহরটিতে সেনা মোতায়েন করেছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। দেশটিতে চলমান সরকারবিরোধী বিক্ষোভে এটিই প্রথম মৃত্যুর ঘটনা।

এদিকে, শ্রীলঙ্কার অর্থমন্ত্রী আলি সাবরি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন সফর করছেন। সেখানে তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে জরুরি অর্থসহায়তা চেয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত