চোরাগলি পথে কেউ ক্ষমতায় আসতে পারবে না: কৃষিমন্ত্রী

আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ০৮:৫৫ পিএম

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আগামী নির্বাচনকে বানচাল করতে বিএনপিসহ সরকারবিরোধী দলগুলো নানা ষড়যন্ত্র করছে। কিন্তু তাদের মনে রাখতে হবে, দেশের জনগণ সব ক্ষমতার উৎস। জনগণের ভোটের মাধ্যমেই ক্ষমতায় আসতে হবে। কাজেই বিএনপি যত ষড়যন্ত্র করুক, আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের সঙ্গে হাত মেলাক; আমি মনে করি এ দেশের মানুষ তা মোকাবেলা করবে। নির্বাচন ছাড়া ষড়যন্ত্র করে বা চোরাগলি পথে কেউ ক্ষমতায় আসতে পারবে না।

সোমবার দুপুরে টাঙ্গাইল শহরে শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন শেষে মতবিনিময় সভায় কৃষিমন্ত্রী এসব বলেন।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক দল, সবসময়ই গণতন্ত্র চর্চা করে এসেছে। ১৯৪৯ সালে প্রতিষ্ঠার পর থেকে আওয়ামী লীগ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং দেশের উন্নয়ন ও কল্যাণে সব আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। আগামী নির্বাচনেও দলটি গণতন্ত্র চর্চা করবে। সবার অংশগ্রহণের মাধ্যমে ২০২৩ সালের জাতীয় নির্বাচন হবে সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ। কোন দেশিয় শক্তি, চক্রান্তকারী ও বিদেশিদের যারা পা চাটে- এমন কেউ এ নির্বাচনকে প্রভাবিত করতে পারবে না।

তিনি বলেন, আমরা আশা করি, আন্তর্জাতিক বিশ্ব বা সামরিক ও অর্থনৈতিকভাবে যতই শক্তিশালী দেশ হোক-তারা কোনোক্রমে যেন আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে কোনো রকম হস্তক্ষেপ না করে। সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, বাংলাদেশে আগামী নির্বাচনে তারা কোনো পক্ষ নেবে না, এটিই স্বাভাবিক; এটিকে আমরা অভিনন্দন জানাই। সবার কাছে এটিই প্রত্যাশা করি। কোন দেশের কোনো হস্তক্ষেপ আমরা মেনে নেব না।  

কৃষিমন্ত্রী বলেন, শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালটি শুধু টাঙ্গাইলবাসীর জন্য নয়, উত্তরবঙ্গের অনেক মানুষের জন্যও খুবই প্রয়োজনীয়। কারণ টাঙ্গাইল এখন উত্তরবঙ্গের গেটওয়ে। এ হাসপাতালটিকে আধুনিক সুযোগসুবিধা সংবলিত আন্তর্জাতিক মানের হাসপাতালে উন্নীত করতে সর্বোচ্চ চেষ্টা করা হবে।

এ সময় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, সংসদ সদস্য তানভীর হাসান ছোটমনির, মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক মোহাম্মদ আলী, টাঙ্গাইলের জেলা প্রশাসক আতাউল গণি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনসারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত