নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব ছুরিকাঘাতে আহত

আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১০:০৭ পিএম

রাজধানীর পল্টনে ছুরিকাঘাতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব সহকারী অধ্যাপক মামুন মাহমুদ (৫৫) আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

আহত মামুন মাহমুদ সোনারগাঁও ফজলুল হক মহিলা ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক। তার বুকের ডান পাশে, রানে, পেটের নিচে সহ শরীরে বেশ কিছু জায়গায় ছুরিকাঘাত রয়েছে।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মনিরুল ইসলাম রবি জানান, তারা দুপুরের পর পল্টনে নারায়ণগঞ্জ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম পান্নার অফিসে আসেন ইফতার পার্টিতে। ইফতার শেষ করে নামাজের জন্য বের হলে পল্টন কস্তুরি হোটেলের সামনে ৩-৪ জন তাকে দুষ্কৃতকারী এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় তার সঙ্গে থাকা অন্যরা ঘাতকদের মধ্যে একজনকে ধাওয়া করে ধরে ফেলে।

তিনি অভিযোগ করেন, ছিনতাইয়ের জন্য এই ঘটনা ঘটায়নি। পরিকল্পিতভাবে কেউ তাদের দিয়ে এই ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দীন মিয়া জানান, পুরোনো পল্টন কস্তুরি হোটেল গলি এলাকায় একটা ছুরিকাঘাতে ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনার সময় জুয়েল নামে একজনকে স্থানীয়রা ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। তাকেও হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।। বিষয়টি ছিনতাই কিনা তদন্ত করে দেখা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত