তেঁতুলতলা মাঠে বৃক্ষরোপণ-সাইনবোর্ড স্থাপন কর্মসূচি ঘোষণা

আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ১০:৩৮ পিএম

আগামীকাল বুধবার দুপুর ২টায় রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠের সীমানায় বৃক্ষরোপণ ও সাইনবোর্ড স্থাপন করার ঘোষণা দিয়েছে মাঠ রক্ষা আন্দোলনকারী বিভিন্ন সংগঠন ও নাগরিকেরা।

মঙ্গলবার উদীচী শিল্পী গোষ্ঠীর আরিফ নূর কর্তৃক গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে এই কর্মসূচিতে সর্বস্তরের মানুষকে অংশগ্রহণ করার জন্য বিনীত আহ্বান জানানো হয়েছে।

তেঁতুলতলা মাঠে কলাবাগান থানা ভবন নির্মাণের প্রতিবাদ করায় এবং নির্মাণকাজের ভিডিও ধারণ করায় গত রবিবার বেলা ১১টার দিকে স্থানীয় বাসিন্দা সৈয়দা রত্না ও তার ছেলেকে আটক করে পুলিশ। এর জেরে সারা দেশের সচেতনমহল সবর হয়ে ওঠে। তারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাঠ রক্ষার আন্দোলনের দুজনকে আটকের প্রতিবাদ জানান। পরে রাতে তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

পরদিন এ ঘটনায় বেশ কয়েকটি মানবাধিকার ও পরিবেশবাদী ও সাংস্কৃতিক সংগঠন সংবাদ সম্মেলন করে। একই সঙ্গে মাঠে প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এলাকাবাসীর প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছে এই মাঠ রক্ষার বিষয়টি।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সংবাদমাধ্যমকে বলেছেন, আলোচনা সাপেক্ষে মাঠের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এই মাঠটিতে থানা ভবন নির্মাণের বিষয়টি সামনে এসেছিল ২০২০ সালের আগস্টে। সে সময় ঢাকা জেলা প্রশাসনের এক নোটিশে জমিকে পতিত হিসেবে উল্লেখ করে কলাবাগান থানার নিজস্ব ভবন নির্মাণের জন্য অধিগ্রহণের প্রস্তাবের কথা জানানো হয়। ওই নোটিশ দেওয়ার পর থেকেই স্থানীয় লোকজন জায়গাটিকে মাঠ হিসেবেই রাখার দাবি জানিয়ে আসছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত