রমজানের সময় অনুশীলন সূচিতে পরিবর্তন আনার জন্য লিভারপুলের ফরোয়ার্ড সাদিও মানে প্রশংসা করেছেন অ্যানফিল্ডের কোচ ইউর্গেন ক্লপের।
অলরেডদের স্কোয়াডে বেশ কয়েকজন মুসলিম খেলোয়াড় আছেন— সাদিও মানে, ইব্রাহিমা কোনাতে ও নাবি কেইতা ও মোহামেদ সালাহ। তাদের কথা চিন্তা করে অনুশীলনের সাধারণ সূচিতে পরিবর্তন এনেছে লিভারপুল।
ইসলামের পবিত্র মাস রমজান শুরু হয় ২ এপ্রিল। শেষ হবে ২ মে। এই সময় ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত সংযমের অংশ হিসেবে পানিসহ কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করে না মুসলিমরা। যার ফলে অনেক খেলোয়াড়ের মধ্যে দুর্বলতা দেখা যায় এই সময়।
সাধারণ সূচিতে লিভারপুল অনুশীলন করতো বিকেলে। তবে তা পাল্টে সকালে করা হয়েছে। যাতে রোজা রাখা মুসলিম খেলোয়াড়রা তাদের শারীরিক ক্লান্তি বিকেলে পুষিয়ে নিতে পারে।
মানে বিন স্পোর্টসকে বলেন, ‘রমজানে খেলা ও অনুশীলন চালিয়ে যাওয়া সহজ নয়। তবে রমজানের আগে আমরা অধিনায়ক হ্যান্ডারসনের সঙ্গে কথা করি। অনুরোধ করি, সে যাতে সূচি পাল্টে সকালে করে।’
তিনি আরও বলেন, ‘এটা (সকালে অনুশীলন) আমাদের জন্য সহজ। আপনি যদি সকালে অনুশীলন করেন তবে বিকেলে বিশ্রাম নিতে পারেন এবং বাড়ি যেতে পারেন। আপনি যদি দুই বা তিনবার অনুশীলন করেন তবে তা কঠিন হয়ে যায়।’
হ্যান্ডারসনের অনুরোধে বিকেলের পরিবর্তে সকালে অনুশীলনের অনুমতি দেন ক্লপ। তার জন্য কোচকে ধন্যবাদ জানিয়ে মানে বলেন, ‘কোচ জানান ঠিক আছে এবং এটাই সবকিছু সহজ করে দিয়েছে। আমরাও নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছি।’
মানেরা যে লিভারপুলকে সেরাটা দেওয়ার চেষ্টা করছেন তো ইতোমধ্যে প্রমাণ দিয়েছেন। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ভিয়ারিয়ালের বিপক্ষে দলের দ্বিতীয় গোলটি করেন মানে। গোলটিতে অ্যাসিস্ট করেন সালাহ।
