ইংল্যান্ডের নেতৃত্ব পেয়ে সাবেকদের প্রশংসায় ভাসছেন স্টোকস

আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ০৬:৫১ পিএম

ইংল্যান্ডের নতুন টেস্ট অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করা হয়েছে বেন স্টোকসের। জো রুটের উত্তরসূরি হলেন তিনি।

ইংলিশদের টেস্ট নেতৃত্ব পেয়ে সাবেক ক্রিকেটারদের প্রশংসায় ভাসছেন ৩০ বছর বয়সী অলরাউন্ডার। সেই তালিকায় আছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড গাওয়ারও। তিনি স্টোকসের ‘ম্যাচুরিটি’তে মুগ্ধ।

মাহেলা জয়াবর্ধনেও প্রশংসা করেছেন ইংলিশ তারকার। শ্রীলঙ্কান কিংবদন্তি জানান, ‘ব্রিলিয়ান্ট’ টেস্ট অধিনায়ক হয়ে উঠবে স্টোকস।

আইসিসি রিভিউকে মাহেলা বলেন, ‘আমি মনে করি, স্টোকস ব্রিলিয়ান্ট অধিনায়ক হয়ে উঠবে। ইংল্যান্ড দীর্ঘদিন তাদের টেস্ট দলে অলরাউন্ডার অধিনায়ক দেখেনি। আমি মনে করি, সে আদর্শ প্রার্থী।’

ব্যর্থতার দায়ে এই মাসে ইংল্যান্ডের টেস্ট দলের নেতৃত্ব ছাড়েন রুট। পাঁচ বছরে রেকর্ড ৬৪ টেস্টে ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ৩১ বছর বয়সী ব্যাটার। 

ইংল্যান্ডের টেস্ট দলের নেতৃত্ব পাওয়ার পর স্টোকস বলেন, ‘ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক হিসেবে সুযোগ পাওয়ায় আমি সম্মানিত।’

স্থায়ী অধিনায়ক হিসেবে স্টোকস প্রথম টেস্ট খেলতে নামবেন ২ জুন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে লর্ডসে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত